হোম > সারা দেশ > বরিশাল

বরিশাল বিএম কলেজ: বিসিএস শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন, কলমবিরতি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিএম কলেজের বিসিএস শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন। ছবি: আজকের পত্রিকা

বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম) নন-ক্যাডার শিক্ষককে উপাধ্যক্ষ হিসেবে পদায়নের প্রতিবাদে আজ সোমবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিসিএস শিক্ষকেরা। পরে এক জরুরি সভায় জেলার সকল সরকারি কলেজে নন-ক্যাডার, আত্তীকৃত শিক্ষকদের পদায়ন বাতিলের দাবি জানানো হয়। এ দাবিতে মঙ্গলবার ১ ঘণ্টা কলমবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ। এদিকে বিসিএস শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে ৩ দিনেও উপাধ্যক্ষ পদে যোগদান করতে পারেননি অধ্যাপক আবুল কালাম আজাদ।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন বিএম কলেজ ইউনিটের উদ্যোগে আজ সোমবার দুপুরে অনুষ্ঠিত এ সভায় শতাধিক বিসিএস শিক্ষক অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক গোলাম রব্বি।

উপস্থিত ছিলেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মফিজুল ইসলাম, ইংরেজি বিভাগের অধ্যাপক মহিউদ্দিন চৌধুরী, ইতিহাসের অধ্যাপক গোলাম মোর্শেদ, পদার্থবিজ্ঞানের অধ্যাপক কাজী জাবের আহমেদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গির কবির, গণিত বিভাগের মো. গোলাম কিবরিয়া খান, উদ্ভিদবিদ্যার অধ্যাপক তাছমিন সুলতানা-সহ সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের শতাধিক শিক্ষক।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়া অধ্যাপক আবুল কালাম আজাদ বিএম কলেজের প্রশাসনিক ভবনে আসেন। দুপুর ১২টার দিকে অধ্যক্ষ কলেজে আসলে বিভিন্ন বিভাগ থেকে বিসিএস ক্যাডাররা জড়ো হন। তবে সোমবার ছাত্রদলের দুই পক্ষের কোনো নেতাকে প্রশাসনিক ভবনে দেখা যায়নি।

দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের স্টাফ কাউন্সিল কক্ষে জরুরি সভায় বসেন বিসিএস শিক্ষকরা। সভায় উপস্থিত ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, কেবল বিএম কলেজ নয়, বরং যেসব কলেজে নন-ক্যাডার, ১০ শতাংশ কোটা এবং আত্তীকৃত শিক্ষকদের প্রশাসনিক পদে পদায়ন দেওয়া হয়েছে তা বাতিল করতে হবে। এ দাবিতে তারা মঙ্গলবার ১ ঘণ্টা কলমবিরতি কর্মসূচি পালন করবেন। কেবল বিএম কলেজ নয়, বরিশালের সব কলেজে বিসিএস শিক্ষকরা এ কর্মসূচি পালন করবেন।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন বরিশাল জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন এ তথ্য স্বীকার করে বলেন, সোমবার রাতে এ সিদ্ধান্ত হয়েছে।

এ প্রসঙ্গে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, তিনি অসুস্থ। সোমবারও যোগদান করতে পারেননি। তবে চেষ্টা করছেন। বিসিএস শিক্ষকদের অভিযোগ অসত্য।

এ ব্যাপারে বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. তাজুল ইসলাম বলেন, উপাধ্যক্ষ পদে পদায়ন হওয়া অধ্যাপক আবুল কালাম আজাদের যোগদান সোমবারও সম্পন্ন হয়নি।