হোম > সারা দেশ > বরিশাল

বিদ্যুৎ খাত জনগণের মালিকানায় নেওয়ার দাবি, নবায়নযোগ্য জ্বালানিতে জোর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

আজ বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এক স্থানীয় নীতি সংলাপের আয়োজন করা হয়। ছবি: আজকের পত্রিকা

দেশের সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খাতকে ব্যক্তিমালিকানা থেকে জনগণের মালিকানায় নেওয়ার দাবি জানিয়েছেন বক্তারা। এ জন্য জ্বালানি রূপান্তরে কার্যকর নীতিমালা প্রণয়ন এবং দেশের সক্ষমতা বিবেচনায় পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।

আজ বুধবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে ‘আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা’ শীর্ষক এক স্থানীয় নীতি সংলাপে এসব দাবি উঠে আসে। বেসরকারি সংস্থা অ্যাকশনএইড এ সংলাপের আয়োজন করে।

সংলাপে বক্তারা বলেন, বাংলাদেশে মোট জ্বালানি ব্যবহারের মাত্র ৪ শতাংশ আসে নবায়নযোগ্য উৎস থেকে। ২০৩০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জনে প্রয়োজনীয় উদ্যোগের ঘাটতি রয়েছে। সৌর প্যানেল আমদানিতে কর কমানোসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও এ খাতের প্রসার প্রত্যাশিত মাত্রায় হয়নি।

অনুষ্ঠানে জ্বালানি খাতের তথ্য-উপাত্ত তুলে ধরেন অ্যাকশনএইডের কর্মকর্তা আবুল কালাম আজাদ। তিনি জানান, দেশে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মধ্যে ৪৩ শতাংশ গ্যাস, ২৩ শতাংশ তেল, ২০ শতাংশ কয়লা, ১০ শতাংশ আমদানি করা জ্বালানি এবং ৪ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি। ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

আবুল কালাম আজাদ আরও বলেন, জ্বালানি খাতে পরিবর্তন আনতে অ্যাকশনএইড সরকারের কাছে ১৪ দফা দাবি জানিয়েছে। এর মধ্যে বিদ্যুৎ খাতকে ব্যক্তিমালিকানা থেকে জনগণের মালিকানায় নেওয়া এবং কার্যকর জ্বালানি রূপান্তর নীতিমালা প্রণয়ন অন্যতম। এসব প্রস্তাব জাতীয় নির্বাচনের সময় ৮৭টি নির্বাচনী এলাকার ৩০০ প্রার্থীর কাছেও তুলে ধরা হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, বিদ্যুৎ খাতে প্রতিবছর ৯৮ হাজার কোটি টাকা লোকসান দিতে হচ্ছে। তাই দেশের সক্ষমতা বিবেচনায় নিয়ে জ্বালানি খাতের কৌশল ও পরিকল্পনা নির্ধারণ করা প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান সরওয়ার বলেন, নবায়নযোগ্য জ্বালানি নীতি বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে। সংলাপে উঠে আসা সুপারিশগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

অধ্যক্ষ গাজী জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিজন শুভংকর চক্রবর্তী, এনজিও সংগঠক এস এম শাহজাদা, খোরশেদ আলম ও আমিনুর রহমান খোকন।