হোম > সারা দেশ > বরগুনা

সংস্কারের পরও রক্ষা নেই, পায়রার ভাঙনে ঝুঁকিতে তালতলীর ১০ গ্রাম

বরগুনা প্রতিনিধি

পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: আজকের পত্রিকা

পায়রা নদীর ভাঙনে বারবার বিলীন হচ্ছে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংস্কারকাজ ও জিও ব্যাগ ফেলা হলেও প্রবল স্রোতে তা টিকছে না। সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাধিক অংশ ধসে পড়েছে। কোথাও দেখা দিয়েছে বড় ফাটল। এতে বসতভিটা, ফসলি জমি ও জনপদ নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক।

গত ১০ নভেম্বর তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় পাউবোর সংস্কার করা বেড়িবাঁধ ও নদীতে ফেলা জিও ব্যাগের ৫৯০ মিটারের মধ্যে প্রায় ১২০ মিটার অংশ ধসে পায়রায় বিলীন হয়ে যায়। সংশ্লিষ্টদের ধারণা, নদীর তলদেশে ভাঙন ও পানির ঘূর্ণাবর্তের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এ ছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের প্রায় ২০০ মিটার অংশে ফাটল দেখা দিয়েছে। কোথাও কোথাও মাটি সরে গিয়ে বাঁধের ভেতরের অংশ বেরিয়ে পড়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাউবোর আওতায় পাঁচটি প্যাকেজে মোট ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ করা হয়। এতে ব্যয় হয় ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা। ২০২৫-২৬ অর্থবছরে দুটি প্যাকেজের কাজ করে মেসার্স পপুলার কনস্ট্রাকশন। আর ২০২৬-২৭ অর্থবছরে তিনটি প্যাকেজের কাজ করে মেসার্স আরএস কনস্ট্রাকশন, মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স মনি ট্রেডার্স। গত ২১ সেপ্টেম্বর কাজ শেষ হয়। তবে চলতি অর্থবছরে করা তিনটি প্যাকেজের মধ্যে দুটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য একটি অংশে ফাটল দেখা দিয়েছে।

বাঁধ ভেঙে গেলে তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ নিশানবাড়িয়া ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি, আমন ধান ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হতে পারে।

তেঁতুলবাড়িয়ার বাসিন্দা আকবর হোসেন বলেন, ‘বেড়িবাঁধের কাজের সময় নদী অনেক দূরে ছিল। পরে ভাঙতে ভাঙতে কাছে চলে এসেছে। এখন বাঁধও ভেঙে যাচ্ছে।’

স্থানীয় বাসিন্দা জয়নাল হাওলাদার বলেন, ‘একসময় এখানে মানুষের বসতি ছিল। এখন কিছুই নাই। বাঁধ ভাঙতে ভাঙতে ঘরবাড়ি তো গেলই, এখন গ্রামটাও বিলীনের পথে। এখানে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি।’

পরিবেশ বিশেষজ্ঞ ও উন্নয়নকর্মী আরিফ রহমান বলেন, তেঁতুলবাড়িয়া এলাকায় ভাঙনের স্থান থেকে কিছু দূরেই বঙ্গোপসাগরের মোহনা। ভৌগোলিক অবস্থান ও নদীর গতিপ্রকৃতির কারণে সেখানে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। অস্থায়ী বাঁধ দিয়ে সাময়িকভাবে এলাকা রক্ষা করা সম্ভব হলেও স্থায়ী সমাধানের জন্য বড় প্রকল্পের আওতায় টেকসই বাঁধ নির্মাণ প্রয়োজন।

ঠিকাদারি প্রতিষ্ঠান আরএস কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, তাঁদের কাজে কোনো গাফিলতি ছিল না। নকশা অনুযায়ী শতভাগ কাজ বাস্তবায়ন করেছেন তাঁরা।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান বলেন, কাজ চলাকালে বাঁধ থেকে নদী বেশ দূরে ছিল। সামুদ্রিক নিম্নচাপের কারণে নদী উত্তাল হয়ে ওঠায় ঢেউয়ের আঘাত থেকে বাঁধ রক্ষায় জিও ব্যাগ ফেলা হয়েছিল। বর্তমানে নদীর তলদেশে ভাঙন শুরু হয়েছে। এটি ঠেকাতে জিও ব্যাগ ও ব্লক ফেলা প্রয়োজন হলেও আপাতত প্রয়োজনীয় বাজেট নেই। তবে ওই এলাকায় সিসি ব্লক ও জিও ব্যাগ দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য একটি প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়েছে।