হোম > সারা দেশ > বরগুনা

পাথরঘাটায় ছাত্রলীগ নেতা শিমু গ্রেপ্তার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

জহির আহমেদ শিমু। ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহির আহমেদ শিমুকে (৫০) গ্রেপ্তার করেছে পাথরঘাটা থানা-পুলিশ।

আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাথরঘাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিমু পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম আবদুল খালেক মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গত ২৪ ঘণ্টায় পাথরঘাটায় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের আরও আট নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের মধ্যে রয়েছেন—আওয়ামী লীগ কর্মী মো. আবদুল আউয়াল (৫৯) ও আবদুর সালাম ওরফে রহমান, উপজেলা যুবলীগের সদস্য মো. জাহিদ হাসান (৪০), কালমেঘা ইউনিয়ন যুবলীগের সদস্য মো. কামাল হোসেন (৪৫), যুবলীগের সক্রিয় সদস্য মো. রফিক আকন (৩৬), উপজেলা ছাত্রলীগের ৩ নম্বর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সজিব (২৫), পাথরঘাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মো. তরিকুল ইসলাম (২৫) এবং কাঠালতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. হাসান মাহমুদ (৪৮)।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের আটক করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট নয়জনকে আটক করেছে পুলিশ। শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।