হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ফের ডেঙ্গুর চোখ রাঙানি: আক্রান্ত ছাড়িয়েছে ৭ হাজার, মৃত্যু ৫১ জন

বরগুনা প্রতিনিধি

বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ডেঙ্গু আক্রান্ত রোগীরা। ছবি: আজকের পত্রিকা

চলতি বছর ডেঙ্গুর হটস্পট হিসেবে পরিচিত উপকূলীয় জেলা বরগুনায় গত মাসে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও চলতি মাসে ফের চোখ রাঙানি দিচ্ছে। ইতিমধ্যে চলতি বছর জেলায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। আর বেসরকারি হিসাবে মৃত্যুর তালিকাও অর্ধশত অতিক্রম করেছে। ফলে স্থানীয় বাসিন্দাদের মাঝে ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে।

বরগুনা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৫ জন। বরগুনা জেনারেল হাসপাতালে ৩৭ জন, পাথরঘাটায় সাত, তালতলীতে পাঁচ, বামনায় চার, আমতলী ও বেতাগীতে একজন নতুন করে আক্রান্ত হয়েছে। চলতি ডেঙ্গু মৌসুমে সরকারি এই দপ্তরের তথ্যমতে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩৭ জন এবং মৃত্যুর সংখ্যা ১১ জন।

এদিকে গত কয়েক সপ্তাহ ধরে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। গত শনিবার (২০ সেপ্টেম্বর) এক দিনে বরগুনার পাথরঘাটা উপজেলায় চারজনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় বর্তমানে উপজেলাজুড়ে ডেঙ্গু আতঙ্ক দেখা দিয়েছে।

তবে পাথরঘাটা পৌরসভার তরফ থেকে সেখানে এডিস মশার বংশবিস্তার রোধে চোখে পড়ার মতো কোনো পদক্ষেপই নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুধু পাথরঘাটা পৌরসভাই নয়, বরগুনা পৌর প্রশাসনের পক্ষ থেকেও ডেঙ্গু প্রতিরোধে তেমন কোনো উদ্যোগ নেই বললেই চলে।

এ ব্যাপারে বরগুনা সচেতন নাগরিক কমিটির সভাপতি মনির হোসেন কামাল বলেন, ‘বৃষ্টি কমতে শুরু করায় এডিস মশাও ডিম দিতে শুরু করেছে। এখনই এডিসের উৎপত্তিস্থল ধ্বংস করতে না পারলে আগামী কয়েক মাসজুড়ে আমাদের জেলায় প্রতিদিন দুঃসংবাদ শুনতে হবে। আর হাসপাতালগুলো তাদের সক্ষমতা হারিয়ে ফেলবে।’

জানতে চাইলে বরগুনা সিভিল সার্জন মোহাম্মদ আবুল ফাত্তাহ আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে ডেঙ্গু রোগীর সংখ্যা পুনরায় বৃদ্ধি পেতে শুরু করেছে। আমরা আমাদের জায়গা থেকে সাধ্যমতো চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছি। এখন যার যার অবস্থান থেকে বাড়ির আশপাশে ডোবা-নালায় জমানো পানি পরিষ্কার রাখতে হবে। সরকারি উদ্যোগে শহর থেকে গ্রামে মশকনিধন কার্যক্রম জোরদার না করা গেলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে না।’

লাগাতার লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

১৩ কোটি টাকায় সড়ক সংস্কার, ১০ দিনেই গর্ত

১০ দিনেই নষ্ট সড়কের ১৩ কোটি টাকার সংস্কারকাজ, বৃষ্টিতে চলছে ফের মেরামত

স্বামীকে বালিশচাপা দিয়ে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে, সন্দিগ্ধ প্রেমিক আটক

পায়রা নদী থেকে বস্তাবন্দী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

পাথরঘাটায় আদালত চত্বরে বাদী দম্পতির ওপর হামলা, হামলাকারীর ৩ মাসের কারাদণ্ড

সাবেক এমপি গোলাম সরোয়ার হিরুর দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু আর নেই

বরগুনায় বিষ খাইয়ে হত্যা মামলায় স্ত্রী, মেয়ে ও শাশুড়ি কারাগারে

জমিসংক্রান্ত বিরোধের জের: বৃষ্টিতে ভিজে ঘণ্টাখানেক আর্তনাদের পরও মাকে ঘরে জায়গা দেননি ইসলামী আন্দোলনের নেতা