পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালি ইউনিয়নের মুন্সিরহাট এলাকায় শ্রীমন্ত নদের ওপর নির্মিত একটি লোহার সেতু এক মাস ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সেতুটির বিম ও ক্রস অ্যাঙ্গেল ভেঙে যাওয়ায় এর ভার বহনের ক্ষমতা কমে গেছে। দ্রুত মেরামত করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে। এক মাস আগে সিমেন্টবোঝাই একটি যানবাহন পারাপারের সময় সেতুর দক্ষিণ পাশের দ্বিতীয় পিলারের লোহার বিম ও অ্যাঙ্গেল ভেঙে নিচের দিকে ঝুলে পড়ে। এ ছাড়া সেতুর ওপরের পিচঢালাই অংশেও ফাটল দেখা দিয়েছে।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, সেতুর একটি পিলারের নিচের লোহার বিম ও অ্যাঙ্গেল ভেঙে পানির ওপর ঝুলে আছে। অনেকে সেতুটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে অবগত নন। ফলে মানুষ ও যানবাহনের পারাপার চলছে আগের মতো।
স্থানীয় বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মৃধা বলেন, ‘এই সেতু দিয়ে মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আন্দুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভিকাখালি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ও কালিকাপুর সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতায়াত করে। এ ছাড়া আশপাশের অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ এই সেতুর ওপর নির্ভরশীল। দুর্ঘটনা এড়াতে দ্রুত সেতুটি মেরামতের দাবি জানান তিনি।
মাধবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু সালেহ বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতু পার হয়ে বিদ্যালয়ে যেতে হয়। এখন যে অবস্থায় আছে দ্রুত মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই চলাচল বন্ধ করে মেরামত করা প্রয়োজন।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী চন্দন কুমার বিশ্বাস বলেন, সেতুটি সংস্কারের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।