হোম > সারা দেশ > বরগুনা

বরগুনায় ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, চিকিৎসাধীন এক জেলের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় মাছ ধরার ট্রলারে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের একজন বাকী বিল্লাহ হাওলাদার মারা গেছেন। চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।

এর আগে গত মঙ্গলবার বেলা ১টার দিকে পাথরঘাটা মাছের খাল বাজারসংলগ্ন খালে নোঙর করা দুলাল মিয়ার মালিকানাধীন এফভি রাবেয়া ট্রলারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ট্রলারমালিক দুলাল মিয়া, জেলে আলম খান ও বাকি বিল্লাহ হাওলাদার দগ্ধ হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলারটি পাথরঘাটার বিষখালী ও বলেশ্বর নদীর সংযোগস্থলের বারানী খালের মাছের খাল এলাকায় নোঙর করা ছিল। রাতে সাগরে মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি হিসেবে ট্রলারে রান্নার আয়োজন চলছিল। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে ট্রলারের ছাউনি উড়ে যায় এবং আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে ট্রলারে থাকা কয়েকজন খালে ঝাঁপ দেন। তবে ইঞ্জিন রুমে থাকায় বাকি বিল্লাহ হাওলাদার সবচেয়ে বেশি দগ্ধ হন।

পরে স্থানীয়রা দ্রুত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। বাকি বিল্লাহর শরীরের অধিকাংশ পুড়ে যাওয়ায় তাঁকে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মেহেদী হাসান জানান, দগ্ধ তিনজনের মধ্যে একজনের শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। অন্য দুজনের অবস্থাও গুরুতর ছিল। তাঁদের উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, দুর্ঘটনার পর বাকি বিল্লাহ হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দগ্ধ অপর দুজন আগের তুলনায় সুস্থতার দিকে রয়েছেন।