বান্দরবানের থানচিতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জারি করা প্রশাসনিক নির্দেশনা অমান্য করার অভিযোগে দুই পর্যটক গাইডের বিষয়ে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে উপজেলা প্রশাসন। পৃথক নোটিশে এ আদেশ জারি করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দুপুরে জারি করা এক অফিস আদেশে পর্যটক গাইড আবুল হোসেনকে (পিতা মৃত আহমদ নুর, গাইড আইডি নং-০২) প্রশাসনের নির্দেশ অমান্য করে পর্যটকদের নিয়ে ভ্রমণে যাওয়ার অভিযোগে আজ ৬ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত সব ধরনের গাইডিং কার্যক্রম থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত রোববার সকালে জারি করা আরেকটি অফিস আদেশে পর্যটক গাইড গার্ডেন ত্রিপুরাকে (গাইড আইডি নং-০৪) সাময়িক বহিষ্কার করা হয়। নোটিশে বলা হয়, প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে পর্যটকদের নিয়ে নিষিদ্ধ এলাকায় ভ্রমণ এবং এক পর্যটকের নৌকাডুবিতে মৃত্যুর অভিযোগে তাঁকে অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো।
উপজেলা প্রশাসন জানায়, সাম্প্রতিক সময়ে টানা ভারী বর্ষণ, সাঙ্গু নদীর পানি বৃদ্ধি এবং পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েকটি পর্যটন এলাকায় ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করায় দুই গাইডের বিরুদ্ধে পৃথক সময়ে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল নোটিশে উল্লেখ করেছেন, থানচি উপজেলায় ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।