হোম > সারা দেশ > বান্দরবান

ঘুমধুম সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণ, উড়ে গেল যুবকের পায়ের গোড়ালি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ঘুমধুমের রেজু আমতলী সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে যুবক আহত। ছবি: আজকের পত্রিকা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের রেজু আমতলী সীমান্তে আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে সীমান্তের ৪১-৪২ নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় বিস্ফোরণে মো. শফিউল আলম (৩৩) গুরুতর আহত হন। তিনি স্থানীয় রেজু আমতলী এলাকার মো. কাল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শফিউল আলম সকালে ব্যক্তিগত প্রয়োজনে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) রেজু আমতলী সীমান্তের ৪১ ও ৪২ নম্বর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় যান। সেখানে যাওয়ার এক ঘণ্টার মাথায় ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শফিউলের বাঁ পায়ের গোড়ালি উড়ে যায়। ডান পায়েও আঘাত লাগে।

স্বজনেরা তাঁকে দ্রুত উদ্ধার করে একটি ডাম্পার গাড়িতে করে প্রথমে কক্সবাজারের কুতুপালং এমএসএফ হাসপাতালে নেন। পরে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, বিষয়টি তিনি অবগত আছেন। তিনি আরও বলেন,`বারবার বলার পরও সীমান্তে লোকজন কেন যাচ্ছে? বিজিবি, পুলিশ ও উপজেলা প্রশাসন নানাভাবে প্রচার করে আসছে বিষয়টি।'

এ বিষয়ে সীমান্তের ৩৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খাইরুল আলমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, একই এলাকায় গত ২৪ মে দুটি ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে। সাম্প্রতিক এই বিস্ফোরণের ঘটনায় সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাটি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে।

থানচি-তিন্দু সংযোগ সড়কে পর্যটকবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে মিলল ১ লাখ বার্মিজ ইয়াবা

বান্দরবানে নিখোঁজ ৩ স্কুলছাত্রী খুলশী থেকে উদ্ধার

কাল থেকে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল শুরু

যেখানে স্বাস্থ্যসেবা ‘এখনো দুর্গম পথের ওপারে’

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিদ্রোহী ও অনুপ্রবেশকারী ঠেকাতে বিজিবির ড্রোন-থার্মাল ইমেজার

নাইক্ষ্যংছড়িতে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার, আটক ২ রোহিঙ্গা

বান্দরবান-থানচি সড়ক: বাসের পর এবার বন্ধ জিপ-মাহেন্দ্র, যাত্রীদের দুর্ভোগ

নাইক্ষ্যংছড়িতে ৭৬ পুঁটলি ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

বান্দরবান-থানচি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ