হোম > সারা দেশ > বান্দরবান

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি 

অভিযুক্ত ছৈয়দ আহমদ। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জামিরতলীতে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে স্ত্রী আয়েশা বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ছৈয়দ আহমদের বিরুদ্ধে। গতকাল রোববার রাত ১২টা ৫ মিনিটে বসতঘরের পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, স্থানীয় জাফর আলমের সঙ্গে আয়েশা বেগমের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল বলে সন্দেহ করতেন ছৈয়দ আহমদ। এ বিষয়কে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা ৭টার দিকে আয়েশা বেগম, জাফর আলম ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই ঘটনার পর ছৈয়দ আহমদ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় আয়েশা বেগমকে মারধর করে হত্যা করেন। এরপর ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার উদ্দেশ্যে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশে খবর দেন।

তবে ছৈয়দ আহমদের দাবি, স্ত্রীর সঙ্গে জাফর আলমের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রমাণ পেয়ে তিনি বাধা দিতে যান। এ সময় জাফর আলমের আঘাতে তাঁর স্ত্রী মারা যান। স্ত্রী হত্যার বিচারও দাবি করেছেন ছৈয়দ আহমদ।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছৈয়দ আহমদকে গ্রেপ্তার করে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহত আয়েশার পরিবারের কাছ থেকে এজাহার নেওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।