হোম > সারা দেশ > বান্দরবান

নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা বন্য হাতির মৃত্যু, শাবকের কান্নায় ভারী গ্রাম

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

অসুস্থ মা বন্য হাতি। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী ঈদগাঁ রেঞ্জ এলাকায় আশ্রয় নেওয়া অসুস্থ এক মা বন্য হাতি শনিবার রাত পৌনে ১২টার দিকে মারা গেছে। এ সময় তার শাবকের করুণ ডাক ও আচরণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় পুরো এলাকায়। পরে প্রায় ১০টি বন্যহাতিকে মৃত হাতিটির চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর আলোড়ন সৃষ্টি করেছে।

ঘটনাটি ঘটে উপজেলার বাইশারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কাগজিখোলা এলাকার ক্যাংগারবিল-সংলগ্ন খুটাখালী পূর্ণগ্রামে। স্থানীয় কৃষক নুর মোহাম্মদ (৬৫) জানান, দুই দিন ধরে দুর্বল ও অসুস্থ হাতিটি তার বাড়ির পাশে অবস্থান করছিল। সঙ্গে ছিল প্রায় সাত মাস বয়সী একটি শাবক।

নুর মোহাম্মদ বলেন, শুক্রবার রাত থেকেই মা হাতি ও শাবকটি তাঁর বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল এবং ডাকাডাকি করছিল। বিষয়টি টের পেয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বন বিভাগকে খবর দেন।

শনিবার সকাল থেকে হাতিটিকে একই স্থানে পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শাবকটিকে মায়ের পাশেই ঘোরাফেরা করতে দেখা যায়। লোকজনের উপস্থিতি টের পেয়ে শাবকটি আতঙ্কিত হয়ে চিৎকার করতে থাকে। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হাতিটির চিকিৎসা শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের ধারণা, দীর্ঘদিন খাদ্যসংকট ও শারীরিক দুর্বলতার কারণে হাতিটি অসুস্থ হয়ে পড়েছিল। পাহাড়ি বনাঞ্চলে খাদ্যের অভাব দেখা দেওয়ায় প্রায়ই বন্য হাতির দল লোকালয়ে চলে আসছে বলেও জানান এলাকাবাসী।

খবর পেয়ে ঈদগাঁ রেঞ্জের কর্মকর্তা উজ্জ্বল কান্তি দাশ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নিরাপদ দূরত্ব বজায় রেখে হাতিটিকে ওষুধ প্রয়োগ করা হয়।

উজ্জ্বল কান্তি দাশ জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ এনে হাতিটিকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, মৃত হাতিটিকে মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা হাতির শাবকের নিরাপত্তা ও যথাযথ পরিচর্যার জন্য বন বিভাগের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ তরুণের লাশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি-চোরাকারবারি গুলি বিনিময়, আহত ১

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নাইক্ষ্যংছড়িতে ঝড়ের কবলে পড়ে রাবারশ্রমিকের মৃত্যু

রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

মাধবী মার্মার ২০ ভরি স্বর্ণ, টাকা আছে ২১ লাখের বেশি

বান্দরবানে অপহৃত ৬ রাবারশ্রমিক উদ্ধার, সন্দেহভাজন আটক

বান্দরবানে অপহরণের শিকার ৬ শ্রমিক, মুক্তিপণ দাবি

নাইক্ষ্যংছড়িতে দুই অস্ত্রধারীকে পুলিশে দিল জনতা

বান্দরবানে হামের উপসর্গ নিয়ে ২ ম্রো শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬