বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ির ঘুনগাছতলা থেকে যুবকের পেটে স্কচটেপ মোড়ানো ৭৬ টি পুঁটলিতে ৩৭০০ ইয়াবা বের করে জব্দ করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ফাঁড়ি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১ জন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তার করে তাঁরা।
রোহিঙ্গা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সাদেক (২৫), পিতার নাম- নুর আলম, মাতার নাম- তাহেরা বেগম, এফসিএন নং- ১২৯৫৪১, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং- ০৮/ই, ব্লক নং- বি/৫৪, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।
পুলিশ জানান, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় টহল ডিউটি চলাকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ী ক্যাম্প থেকে ইয়াবার একটি চালান নিয়ে আসছে। সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ তাৎক্ষণিক ০৫ নং সোনাইছড়ি ইউপির ০৪ নং ওয়ার্ডস্থ চিংথোয়াইপাড়া সাকিনের ঘুণগাছতলা চৌরাস্তার মোড়ে অবস্থান নেয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাঁকে আটক করে। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করা হলে, আসামি তাঁর পেটের ভেতর পলিথিন ও স্কচটেপ দিয়ে মোড়ানো পোটলায় ইয়াবা থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে তাঁর পেট থেকে মোট ৭৬টি পোটলা বের করা হয়, যা থেকে গণনা করে ৩৭০০ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকা প্রস্তুত করে আলামত হিসেবে থানা হেফাজতে নেওয়া হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ) ধারা) নাইক্ষ্যংছড়ি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির আইসি সিংহ ত্রিপুরা ও উপপরিদর্শক সৌরভ হোসেন।