বান্দরবানের থানচি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী দুর্গম বড় মদক এলাকায় দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা-সংকট নিরসনে চালু হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবাকেন্দ্র। উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রিন হিলের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এ কেন্দ্রে ২৪ ঘণ্টা প্রাথমিক চিকিৎসা ও মাতৃস্বাস্থ্যসেবা দেওয়া শুরু হয়েছে। এতে বিশেষ করে গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
গত ১৩ অক্টোবর দৈনিক আজকের পত্রিকায় ‘পাহাড়-নদী পেরিয়ে ৭০ কিমি দূরে চিকিৎসাসেবা’ শিরোনামে বড় মদক এলাকার স্বাস্থ্যসেবা-সংকট নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও গ্রিন হিল যৌথভাবে সেখানে স্বাস্থ্যসেবাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেয়।
বড় মদক বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ছাত্রাবাস সংস্কার করে কেন্দ্রটি চালু করা হয়েছে। ইতিমধ্যে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র, ওষুধ ও চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। গর্ভবতী ও প্রসূতি নারীদের সেবায় গ্রিন হিলের পক্ষ থেকে প্রশিক্ষিত দুজন মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরাই কেন্দ্রটির কার্যক্রম পরিচালনা করছেন।
থানচি উপজেলা সদর থেকে নদীপথে প্রায় ৭০ কিলোমিটার দূরের বড় মদক এলাকায় পাহাড়ি ও নদীপথের দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে জরুরি মুহূর্তে রোগীদের হাসপাতালে নেওয়া কঠিন। বিশেষ করে প্রসবকালীন জটিলতা, অতিরিক্ত রক্তক্ষরণ ও নবজাতকের জরুরি চিকিৎসার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দাদের।
বড় মদক ও ছোট মদক এলাকার প্রায় ৬০টি গ্রামে ১০ হাজারের বেশি মানুষের বসবাস। এত বিপুল জনগোষ্ঠীর জন্য আশপাশে কোনো স্বাস্থ্যসেবাকেন্দ্র না থাকায় ডায়রিয়া, ম্যালেরিয়া, টাইফয়েড ও হামসহ বিভিন্ন রোগের চিকিৎসা এবং মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিন ধরে সংকট ছিল।
কেন্দ্রটির কার্যক্রম শুরুর পর ইতিমধ্যে একজন গর্ভবতী নারীকে প্রসবকালীন জটিলতায় সহযোগিতা করেছেন নিয়োজিত দুই মিডওয়াইফ। পাশের প্রুসাংঅং পাড়ার ওই নারীকে পরে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়। সেখানে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্ম দেন তিনি। তাঁর হাসপাতালে যাতায়াতের খরচ বহন করে গ্রিন হিল।
গ্রিন হিলের নির্বাহী পরিচালক যতন কুমার চাকমা বলেন, আন্তর্জাতিক সংস্থা জেএসআই রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহায়তা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহযোগিতায় মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় কেন্দ্রটির কার্যক্রম পরিচালিত হবে। প্রাথমিক পর্যায়ে গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা, স্বাভাবিক প্রসব, মাতৃস্বাস্থ্যসেবা এবং শিশুদের চিকিৎসা দেওয়া হবে। জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী যাতায়াতের খরচও বহন করা হবে।
গ্রিন হিলের মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক সাইলুমং মারমা বলেন, এ কেন্দ্র থেকে বড় মদকের পাশাপাশি বুলুপাড়া, আন্ধারমানিক, ছোট মদক এবং দুর্গম তিন্দু ইউনিয়নের কয়েকটি এলাকার মানুষও উপকৃত হবেন।
গ্রিন হিলের পরামর্শক ও সাবেক সিভিল সার্জন উদয় শঙ্খ দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলে মা ও শিশুর মৃত্যুহার কমানো এবং দুর্গম এলাকার মানুষকে স্বাস্থ্যসেবার আওতায় আনা জরুরি। দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদটি তাঁদের এ উদ্যোগ নিতে অনুপ্রাণিত করেছে। সংবাদটি প্রকাশিত না হলে সীমান্তবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চনার বিষয়টি তাঁদের নজরে আসত না। পরে আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে প্রকল্পের প্রস্তাব দেওয়া হলে তা অনুমোদন পায়।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, উপজেলা সদর থেকে নদীপথে প্রায় ৭০ কিলোমিটার দূরের দুর্গম মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ম্যালেরিয়া, টাইফয়েড, ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রকোপ রয়েছে। এ ছাড়া গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুদের সময়মতো চিকিৎসা ও টিকা দেওয়ার জন্য যাতায়াতে অনেক কষ্ট ও অর্থ ব্যয় করতে হয়। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে সময়মতো চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়ে।
ওয়াহিদুজ্জামান মুরাদ আরও বলেন, এ পরিস্থিতি বিবেচনায় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে গ্রিন হিলের সঙ্গে যৌথভাবে স্বাস্থ্যসেবাকেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে কেন্দ্রটির কার্যক্রম শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।