হোম > সারা দেশ

মিঠামইনে বিএনপি নেতা জাহাঙ্গীর হত্যা: ভাইরাল ফোনালাপে চাঞ্চল্য

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিএনপি নেতা জাহাঙ্গীর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যা মামলায় ভাইরাল হওয়া একটি অডিও ফোনালাপে তাঁর ছোট ভাই আলমগীর শিকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফোনালাপে আসামি হেলাল দাবি করেন, জাহাঙ্গীরের হাত কেটে ফেলার জন্য তাঁদের ভাড়া করেছিলেন আলমগীর। তবে অভিযুক্ত আলমগীর শিকদার অভিযোগকে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক বলেছেন।

গত ১৫ জুলাই রাতে মিঠামইনে নিজ বাড়ির সামনে খুন হন বিএনপি নেতা জাহিদুল আলম জাহাঙ্গীর।

হত্যাকাণ্ডের ঘটনায় ১৮ জুলাই জাহিদুল আলমের স্ত্রী তাসলিমা আক্তার চৌধুরী বাদী হয়ে মিঠামইন থানায় তিনজনকে আসামি করে মামলা করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব থানা-পুলিশ থেকে জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়।

হত্যাকাণ্ডের পর জনতার হাতে আটক হেলালের সঙ্গে তাসলিমা আক্তার চৌধুরীর ৯ মিনিট ১৮ সেকেন্ডের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপে হেলাল দাবি করেন, জাহাঙ্গীরকে হত্যার উদ্দেশ্যে নয়, তাঁর হাত কেটে ফেলার জন্য তাঁদের ভাড়া করা হয়েছিল।

ফোনালাপে হেলাল বলেন, তাঁরা পেশাদার খুনি নন। চুরি, ছিনতাই ও মাদকাসক্তির সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, টাকার লোভে তাঁরা এ কাজে জড়িয়েছিলেন। জাহাঙ্গীরকে হত্যা করা তাঁদের উদ্দেশ্য ছিল না বলেও তিনি দাবি করেন।

হেলালের ভাষ্য অনুযায়ী, তাঁর বন্ধু রিয়াজের সঙ্গে খোকা ভাইয়ের মাধ্যমে আলমগীর শিকদারের কথা হয়। আলমগীরের একজন লোক তাঁদের খাওয়াদাওয়ার খরচ দিতেন। ওই ব্যক্তিকে অন্য এলাকার লম্বা, কালো ও বিশালদেহী একজন সদস্য হিসেবে বর্ণনা করলেও নাম বলতে পারেননি হেলাল।

ফোনালাপে হেলাল আরও বলেন, কয়েক দিন আগে কারাগারে খোকা ভাই তাঁদের গালাগাল করেন এবং আলমগীরের নাম কেন বলা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন। হেলালের দাবি, আলমগীরের নাম না বলার নির্দেশ ছিল তাঁদের। তিনি ম্যাজিস্ট্রেটের কাছে আলমগীরের নাম বলেছেন বলেও ফোনালাপে উল্লেখ করেন।

তাসলিমা আক্তার চৌধুরী ফোনালাপের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার একজনের মাধ্যমে তিনি জানতে পারেন যে, কারাগার থেকে একজন তাঁর সঙ্গে কথা বলতে চান। পরে হেলালের সঙ্গে তাঁর কথা হয় বলে জানান তিনি।

তাসলিমা আক্তার চৌধুরী বলেন, ‘সে কিভাবে আসছে, কে আনছে—সবকিছু বলেছে। আলমগীর ভাড়া করে এনেছে, এটাও বলেছে।’

আলমগীর শিকদারের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানান তাসলিমা আক্তার চৌধুরী। তিনি বলেন, প্রায় ১০ থেকে ১১ দিন আগে হেলাল কারাগার থেকে তাঁকে ফোন করেছিলেন।

বিভিন্ন সূত্র ও আলমগীর শিকদারের ফেসবুক আইডি থেকে জানা গেছে, কয়েক সপ্তাহ ধরে তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে আলমগীর শিকদার বলেন, ‘এগুলো ভিত্তিহীন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।’

আলমগীর শিকদারের দাবি, ফোনালাপে হেলাল তাঁর নাম বলেননি, খোকার নাম বলেছেন। খোকা তাঁর নাম বললে তিনি জড়িত—এমন দাবি করেন তিনি। তাসলিমা আক্তার চৌধুরী আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং হামিদ সাহেবের লোকজনের সঙ্গে যুক্ত বলেও অভিযোগ করেন আলমগীর।

আলমগীর শিকদার বলেন, ‘আমি এই রেকর্ডটির অধিকতর তদন্তের দাবি জানাচ্ছি। আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবে, আমিও দেশে এসে সংবাদ সম্মেলন করব।’

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার মোহাম্মদ বলেন, হত্যাকাণ্ডের পর থেকে এ পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে। মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়েছে।

হাম আক্রান্ত ও উপসর্গে শুধু সিলেটে প্রাণ গেল ২০০

বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে বিলম্ব, ‘অভিমানে’ আত্মহত্যা করলেন যুবক

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

পটিয়ায় লুট হওয়া চিনির আরও ১৫০ বস্তা চকরিয়ায় উদ্ধার, গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালক

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু

রিয়াদে বিমানবন্দরে নিহত শাহেদ কফিনবন্দী হয়ে ফিরলেন বাড়ি

নালিতাবাড়ীতে মাংসের তিন দোকানিকে জরিমানা

নেত্রকোনায় পোশাকশ্রমিককে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বড়াইগ্রামে জমি বিক্রি না করায় বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ

ফুফুর বাড়ি বেড়াতে এসে খালে ডুবে নিখোঁজ শিশু