হোম > সারা দেশ > যশোর

মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে পুলিশকে মারধর, আসামি ছিনতাই

কেশবপুর (যশোর) প্রতিনিধি

জাহাঙ্গীর আলমকে ফের ধরতে পেরেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

যশোরের কেশবপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মব সৃষ্টি করে তিন পুলিশকে মারধর করে এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্থানীয় লোকজন। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হিজলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। তবে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই আসামিকে ফের ধরা হয়েছে বলে জানায় পুলিশ।

হিজলডাঙ্গা গ্রামের তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমকে (৩৫) ধরতে গিয়ে হামলার শিকার হয় পুলিশ।

হামলায় আহতরা হলেন কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) আসমত আলী (৫৪), কনস্টেবল শহিদুল ইসলাম (৩৫) ও কনস্টেবল হাবিবুল্লাহ (৩০)। এর মধ্যে কনস্টেবল শহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে হিজলডাঙ্গা গ্রাম থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় পুলিশ আসামিকে মেরে ফেলেছে—এমন গুজব তুলে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার ৫০-৬০ জন লোক জড়ো হয়ে মব সৃষ্টি করে। তারা পুলিশের ওপর হামলা চালিয়ে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। এ সময় মারধরে তিন পুলিশ আহত হন।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কেশবপুর থানার কনস্টেবল শহিদুল ইসলামকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখা যায়। তিনি বলেন, আসামি জাহাঙ্গীরকে আটকের পর স্থানীয়রা মব সৃষ্টি করে পুলিশের ওপর চড়াও হয়। মব সৃষ্টিকারীরা পুলিশকে আঘাত করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ কনস্টেবল আরও জানান, হট্টগোলের সুযোগে আসামি তাঁকে মাথা দিয়ে সজোরে ঢুস মেরে আঘাত করেন। এ ছাড়া হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে আসামি জাহাঙ্গীর আলমকে সীমান্ত এলাকা থেকে ফের গ্রেপ্তার করা হয়েছে।

বিদ্যালয়ের ছাদের কিছু অংশ ধসে ৩ শিক্ষার্থী আহত

সোনারগাঁয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ইডেন ছাত্রীকে যৌন নির্যাতন: গায়ক জাহিদ অন্তুর জামিন

নারায়ণগঞ্জে ৫৩টি গুলিসহ রেজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

শ্রীপুরে কারখানার তিন কর্মকর্তাকে অপহরণ করে কুপিয়ে জখম, গ্রেপ্তার ৫

সড়কে খুবি ছাত্রীর মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের মামলা, ডিসি অফিসের সামনে বিক্ষোভ

ভুয়া চাহিদাপত্রে তেল নিতে যাওয়া ফায়ার সার্ভিসের ৫ কর্মী প্রত্যাহার

বগুড়ায় জ্বালানি সংকটে ইরি-বোরো চাষ ব্যাহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

ভূরুঙ্গামারীতে জুয়েলারি দোকানে হামলা, ১২ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগ