সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
ওই শিক্ষকের নাম মাহবুবুর রহমান ওরফে মানিক মাস্টার (৪৫)। তিনি উপজেলার আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভকেশনাল ইনস্টিটিউটের সিভিল ও আর্কিটেকচার বিভাগের সিনিয়র ইনস্ট্রাক্টর। তিনি চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক।
যৌথ অভিযানে নেতৃত্ব দেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালিতাডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মাহবুবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির পেছন থেকে প্রায় ১২ ফুট উচ্চতার ও প্রায় পাঁচ কেজি ওজনের একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়। গাছটি রোপণ করে পরিচর্যার মাধ্যমে বড় করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় মাহবুবুর রহমান অপরাধ স্বীকার করেন। পরে কাজীপুর থানায় নিয়মিত মামলা দায়ের করে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে কাজীপুর থানার তদন্ত কর্মকর্তা আবু সাইদ, সিরাজগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও পরিদর্শক মো. নিজাম উদ্দিন খান উপস্থিত ছিলেন।