হোম > সারা দেশ > বাগেরহাট

শরণখোলায় সাবেক ছাত্রদল নেতা হত্যা, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

সাবেক ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম। ছবি: সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের হামলায় আরিফুল ইসলাম মাসুম (৩০) নামের সাবেক এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন খুড়িয়াখালী গ্রামের পিলের রাস্তা এলাকায় হামলার শিকার হন তিনি। ওই রাতেই তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হামলায় সাগর হাওলাদার নামের আরও এক বিএনপির সমর্থক আহত হয়েছেন। নিহত মাসুমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশরাফ উল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত আরিফুল ইসলাম মাসুম খুড়িয়াখালী গ্রামের মৃত বিএনপি নেতা আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। তিনি মালয়েশিয়াপ্রবাসী ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপির পক্ষে ভোট দেওয়ার জন্য মালয়েশিয়া থেকে বাড়িতে আসেন।

এ ঘটনায় নিহত মাসুমের ভাই শহিদুল ইসলাম হাওলাদার বাদী হয়ে ১৬ জনকে আসামি করে আজ সোমবার (২ মার্চ) দুপুরে শরণখোলা থানায় একটি হত্যা মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে খলিল বয়াতী, তানজের বয়াতী ও শাহজালাল বয়াতী নামের মামলার এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে।

উপজেলা বিএনপি ও পরিবারের দাবি, স্থানীয় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে আরিফুল ইসলাম মাসুমের ওপর হামলা চালান। ঘটনার সময় (রাত সাড়ে ১১টা) মাসুম তাঁর শ্বশুরবাড়ি থেকে দাওয়াত খেয়ে স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি মারধর করে। তাঁর ডাকচিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বেল্লাল হোসেন মিলন বলেন, ‘বাগেরহাট-৪ আসনে জামায়াত প্রার্থী এমপি নির্বাচিত হওয়ায় তারা বেপরোয়া হয়ে ওঠে। নির্বাচনের সময় ও নির্বাচনের পরে জামায়াতের নেতা-কর্মীরা এলাকায় একাধিক সহিংস ঘটনা ঘটিয়েছে। আমাদের বিএনপির নেতা-কর্মীদের মারধর ও বিএনপি অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে তারা। নির্বাচনের পরদিন নিহত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম তার মোবাইলে একটি সহিংস ঘটনার ভিডিও ধারণ করায় তার ওপর ক্ষীপ্ত ছিল জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। তারই জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে জামায়াত ও শিবির।’ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির এ নেতা।

অপর দিকে সাউথখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেন বলেন, ঘটনার সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। বিএনপির অভিযোগ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।

আজ উপজেলা জামায়াতের এক সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির বলেন, ‘একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতের ওপর ঘটনার দায় চাপানোর অপচেষ্টা করছে। উক্ত ঘটনায় শরণখোলা উপজেলা জামায়াত-শিবিরের ন্যূনতম কোনো সম্পৃক্ততা নেই। ঘটনায় যেসব ব্যক্তির নাম উল্লেখ বা মামলা করা হয়েছে, তাদের কারও সঙ্গেই জামায়াত বা শিবিরের সম্পর্ক নেই। আমরা খোঁজখবর নিয়ে জেনেছি, পারিবারিক সমস্যার জের ধরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। উপজেলা জামায়াতের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং প্রকৃত দোষীদের বিচার দাবি করি।’

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাইম বলেন, আরিফুল ইসলাম মাসুম নামের এক ব্যক্তিকে রাত সাড়ে ১১টার দিকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাঁর অবস্থা কিছুটা স্বাভাবিক হয়ে ওঠে। পরে তাঁকে ভর্তি করে বেডে পাঠানো হলে রাত সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, পরবর্তীতে কার্ডিয়াক অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কিছু আঘাতের চিহ্নও দেখা যায়। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত মাসুমের ভাই বাদী হয়ে ১৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ওসি আরও বলেন, নির্বাচনকালীন একটি ঘটনাকে কেন্দ্র করে নিহত মাসুম তাঁর মোবাইলে ভিডিও করেন। সেই ভিডিওর বিষয়টি নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে তাঁর ওপর হামলা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

চাঁদপুরে নিখোঁজ শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার

প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকের ওপর হামলা

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সাবেক এমপি জোয়াহেরুলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বরিশালে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

মাদক কারবারে বাধা দেওয়ায় রাজমিস্ত্রিকে মারধর, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২