নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া থেকেই।
আজ শুক্রবার চাঁদপুরের কচুয়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘কচুয়া উপজেলাকে পর্যায়ক্রমে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ইভ টিজিংমুক্ত করা হবে। এ লক্ষ্যে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।’
তিনি বলেন, ‘নকলমুক্ত কচুয়া একসময় সারা দেশে দৃষ্টান্ত স্থাপন করেছিল। আমরা চাই, একইভাবে কচুয়া হোক মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশের মডেল। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের যাত্রাও কচুয়া থেকেই শুরু করার পরিকল্পনা রয়েছে।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে এবং ঘোষিত কর্মসূচিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার (এসপি) মো. রবিউল হাসানসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন থেকে আ ন ম এহছানুল হক মিলন সংসদ সদস্য নির্বাচিত হন। পর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা কচুয়ায় এটাই ছিল তাঁর প্রথম সফর।