হোম > সারা দেশ > মাগুরা

মাগুরায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত কৃষক, বাম্পার ফলনের আশা

মাগুরা সংবাদদাতা

কৃত্রিম উপায়ে ফুলের পরাগায়ন করছেন চাষিরা। ছবি: আজকের পত্রিকা

মাগুরায় ভালো ফলনের আশায় পেঁয়াজবীজ চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। জেলার চার উপজেলার মধ্যে শ্রীপুর উপজেলায় সবচেয়ে বেশি পেঁয়াজ চাষ হয়। উন্নতমানের বীজ উৎপাদনের লক্ষ্যে কৃষকেরা এখন নিবিড় পরিচর্যায় সময় দিচ্ছেন। এরই মধ্যে পেঁয়াজের গাছে ফুল ফুটতে শুরু করেছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে জেলায় বীজের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, এ বছর জেলায় প্রায় ৩২ টন পেঁয়াজবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাধারণত নভেম্বরের প্রথম থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজ উৎপাদনের জন্য জমিতে পেঁয়াজ রোপণ করা হয়। বীজ উৎপাদনে সময় লাগে চার থেকে সাড়ে চার মাস।

আধুনিক পদ্ধতিতে পেঁয়াজবীজ চাষ করতে প্রতি বিঘা জমিতে খরচ হয় প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা। এই পদ্ধতিতে প্রতি বিঘা জমি থেকে গড়ে প্রায় ১৫০ কেজি বীজ উৎপাদন করা হয়। বাজারে ভালো মানের পেঁয়াজবীজ প্রতি কেজি ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়।

পেঁয়াজচাষি রহমত আলী জানান, প্রতিদিন কৃত্রিম উপায়ে ফুলের পরাগায়ন করতে হয়। মৌমাছি কম থাকলে কৃত্রিম পরাগায়নই ভরসা। সাধারণত টানা প্রায় ১০ দিন এভাবে পরাগায়নের কাজ করতে হয়।

আরেক চাষি বাকের মুন্সি বলেন, উন্নত জাতের বীজ উৎপাদনের জন্য আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। সনাতন পদ্ধতির তুলনায় আধুনিক পদ্ধতিতে বীজ উৎপাদন প্রায় দেড় গুণ বেশি হয়। পাশাপাশি বাজারেও ভালো দাম পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দাদের মতে, পেঁয়াজের ফুলের সৌন্দর্য দেখতে প্রতিদিনই দর্শনার্থীদের ভিড় বাড়ছে। অনেক আগ্রহী কৃষকও পেঁয়াজবীজ চাষ সম্পর্কে জানতে মাঠে আসছেন।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা কার্যালয়ের উপপরিচালক মো. তাইজুল ইসলাম বলেন, এ বছর জেলায় ১৩ হাজার ১৯৩ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে। এর মধ্যে বিভিন্ন এলাকায় ৪৩ হেক্টর জমিতে পেঁয়াজবীজের আবাদ করা হয়েছে। তিনি আরও জানান, ১৪ হেক্টর জমিতে পেঁয়াজবীজ চাষের জন্য কৃষকদের প্রণোদনার বীজ দেওয়া হয়েছে এবং ভালো ফলন নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।

জাল সনদে ১২৮ শিক্ষক, ফেরত দিতে হবে টাকা

মুন্সিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধার

বদলগাছীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ পরিবারকে ছাগল ও ফ্লোর ম্যাট বিতরণ

প্রণোদনা দিয়েও ঠাকুরগাঁওয়ে বাড়ছে না গম চাষ

শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হোটেলশ্রমিক আটক

শ্রীপুরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

টয়লেটের পাশে পায়ে মাড়িয়ে তৈরি হচ্ছে সেমাই

জনবলসংকটে অচল আট কোটি টাকার মৎস্য ল্যাব

ছুটির দিনে জমজমাট ঈদের কেনাকাটা