খাগড়াছড়ির রামগড় উপজেলায় ফার্মেসির সামনে রাখা ২ লাখ ১০ হাজার টাকা চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চুরি হওয়া পুরো টাকাই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২০ মার্চ) বেলা ৩টা ১০ মিনিটে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাইপুল বাজারে এ ঘটনা ঘটে। জুমার নামাজ শেষে ভুক্তভোগী মো. নুরুন নবী (৩৫) স্থানীয় একটি ফার্মেসির সামনে টেবিলে ২ লাখ ১০ হাজার টাকা রাখেন। এ সময় ওষুধ কেনার কথা বলে আসা কয়েকজন ব্যক্তি কৌশলে টাকাগুলো চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর বাজারের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করেন ভুক্তভোগী। পরে পুলিশকে জানালে অভিযান চালিয়ে শনিবার (২১ মার্চ) প্রধান অভিযুক্ত মো. ওমর ফারুক (২৮) ও আলী আকবরকে (২৭) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পুলিশ জানায়, অভিযুক্তরা পরস্পরের যোগসাজশে চুরির টাকা নিজেদের মধ্যে ভাগ করে রাখেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আলী আকবরের স্ত্রী বিবি হাজেরার (২৮) কাছ থেকেও চুরির কিছু টাকা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজনের কাছ থেকে মোট ২ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ওমর ফারুকের কাছ থেকে এক লাখ টাকা, আলী আকবরের কাছ থেকে ৬০ হাজার টাকা এবং বিবি হাজেরার কাছ থেকে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।