বরগুনার আমতলীতে আমড়া ও লেবু দেওয়ার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসেন হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে পুলিশ তাঁকে আদালতে পাঠিয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট বিকেলে ভুক্তভোগী ওই শিশু সহপাঠীদের সঙ্গে মসজিদে আরবি পড়তে যাচ্ছিল। পথিমধ্যে হোসেন হাওলাদার ওই শিশুকে লেবু ও আমড়া দেওয়ার কথা বলে তাঁর ঘরে ডেকে নেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে সহপাঠীরা এগিয়ে গেলে তাকে ছেড়ে দেন ওই বৃদ্ধ। ঘটনা জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ পেরিয়ে গেলেও মীমাংসা না হওয়ায় গতকাল মঙ্গলবার দুপুরে শিশুটির বাবা আমতলী থানায় একটি অভিযোগ দেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর রাতে অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে আটক করা হয়েছে। পরে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে থানায়। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’