ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অবৈধভাবে মজুত করা ২৪ হাজার লিটার জ্বালানি (পেট্রল ও ডিজেল) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা এলাকায় অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স পেট্রল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে ৪ হাজার ৫০০ লিটার পেট্রল ও ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল অবৈধভাবে মজুত অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। পাশাপাশি জব্দ করা জ্বালানি পাম্পের মাধ্যমে জনগণের কাছে বিক্রির ব্যবস্থা করে দিয়েছে উপজেলা প্রশাসন।
ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে। এর আগে, গতকাল রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার জ্বালানি জব্দ করে।