হোম > সারা দেশ > যশোর

চালডাল কর্মীদের ১ মাসের বকেয়া পরিশোধ, বাকি বেতন চলতি মাসে

­যশোর প্রতিনিধি

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক। ফাইল ছবি

যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ই-কমার্স প্রতিষ্ঠান চালডাল ডটকমের ৮০০ কর্মীর বকেয়া বেতন নিয়ে সৃষ্ট অস্থিরতার আপাতত অবসান হয়েছে। আন্দোলনরত কর্মীদের দাবির মুখে কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে বকেয়া বেতন পরিশোধের সুনির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে।

সমঝোতা অনুযায়ী, গতকাল মঙ্গলবার (৩ মার্চ) গত ডিসেম্বর মাসের বকেয়া বেতন দেওয়া হয়েছে। অবশিষ্ট বেতনও চলতি মাসের মধ্যে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে আজ বুধবার সকাল থেকেই কর্মীরা নিজ নিজ শিফটে কাজ শুরু করেছেন।

সূত্র জানায়, গ্রোসারি শপের পণ্য নিয়ে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্কে ২০১৯ সালে যাত্রা শুরু করে ‘চালডাল ডটকম’ নামে অনলাইন ই-কমার্স প্রতিষ্ঠান। আইটি পার্কের ১২ ও ১৪ তলায় চালডালের বিশাল কল সেন্টারটি পরিচালিত হয়। দীর্ঘদিন ধরে বেতন বকেয়া থাকায় গত সোমবার থেকে চালডাল ইউনিটের কর্মীরা বিক্ষোভ করে আসছিলেন। ৮০০ কর্মীর এই বিশাল বহর তাঁদের বকেয়া পাওনার দাবিতে সোচ্চার হলে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

এরপরই নড়েচড়ে বসে চালডাল কর্তৃপক্ষ। গতকাল সকালে পার্কের ভেতরে কর্মী-প্রতিনিধি ও চালডালের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কর্মীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে একটি বেতন পরিশোধের ক্যালেন্ডার ঘোষণা করা হয়।

আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী, কর্মীদের বকেয়া বেতন তিনটি ধাপে পরিশোধের রোডম্যাপ চূড়ান্ত করা হয়েছে—ডিসেম্বর ২০২৫ মাসের বকেয়া বেতন ৩ মার্চ পরিশোধ করা হয়েছে এবং জানুয়ারি ২০২৬-এর বেতন ১০ মার্চের মধ্যে দেওয়া হবে।

এ ছাড়া ফেব্রুয়ারি ২০২৬-এর বেতন ৩০ মার্চের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘোষণার পর আন্দোলনরত কর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তাঁরা কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।

সূত্র আরও জানায়, যশোর সফটওয়্যার পার্কের অন্যতম বৃহৎ নিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে চালডালে ৮ শতাধিক কর্মী কর্মরত রয়েছেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে তিন মাসের বেতন বকেয়া থাকায় কর্মীরা মানবেতর জীবন যাপন করছিলেন।

কর্মীরা জানান, মেসভাড়া, খাওয়াদাওয়া এবং পরিবারের খরচ চালাতে তাঁরা হিমশিম খাচ্ছিলেন। আজকের এই সমাধানের ফলে তাঁদের সেই অনিশ্চয়তা দূর হলো।

জানতে চাইলে চালডাল কর্মী প্রিন্স মাহমুদ জানান, তাঁরা যৌক্তিক দাবিতে আন্দোলনে নেমেছিলেন। কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় তাঁরা কাজে ফিরেছেন।

চালডাল ডটকমের উপপরিচালক আজিজুর রহমান জিকো বলেন, ‘কারিগরি ও অভ্যন্তরীণ কিছু জটিলতার কারণে বেতন দিতে কিছুটা বিলম্ব হয়েছিল। আমরা সমস্যা সমাধান করেছি। কর্মীদের ডিসেম্বর মাসের বেতন আজই পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি দুই মাসের বেতনও নির্ধারিত তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আমরা আমাদের কর্মীদের কর্মস্পৃহা ও ধৈর্যের প্রতি শ্রদ্ধাশীল।’

পুলিশের পোশাক পরে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫

আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফল প্রকাশের দাবিতে অবস্থান

শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়িয়ায় দরিদ্র নারীদের সুখ-দুঃখের কথা শুনলেন জাইমা রহমান

ভ্যানভাড়া নিয়ে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের মারামারি, আহত ৪

রাজধানীর আরামবাগে মেরামতের সময় এসি বিস্ফোরণ, দগ্ধ ২ কর্মী

হরিণ শিকারের দায়ে দণ্ডিত স্বামী, তালাক নোটিশ পাঠালেন স্ত্রী

চট্টগ্রাম প্রেসক্লাবের সমস্যা গঠনতান্ত্রিক উপায়েই সমাধান করা হবে: তথ্যমন্ত্রী

উত্তরায় নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুটের ঘটনায় দুজন গ্রেপ্তার