কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা বাড়ছিল। আজ সোমবার (৬ এপ্রিল) দিনব্যাপী এই অভিযান চালানো হয়।
সকাল থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা অভিযানে জেলা প্রশাসন ও সওজের কর্মকর্তাদের সমন্বয়ে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়। এতে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আসিফুল হক, সওজের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান, কুমিল্লা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
সওজ সূত্র জানায়, মহাসড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করা ও দুর্ঘটনা কমানোর লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এর আগে একাধিকবার অবৈধ দখলদারদের নোটিশ দিয়ে নিজ উদ্যোগে স্থাপনা সরিয়ে নিতে বলা হলেও তাঁরা তা না মানায় প্রশাসন বাধ্য হয়ে অভিযান চালায়।
বুড়িচং উপজেলা প্রশাসনের সহযোগিতায় তিনটি বুলডোজার ব্যবহার করে নিমসার বাজার এলাকায় প্রায় আধা কিলোমিটারজুড়ে মহাসড়কের দুই পাশে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। অভিযানে সবজির আড়ত, হোটেল, কনফেকশনারি, কাপড় ও জুতার দোকান, মুদিদোকান, ফলের আড়ত, ফার্নিচারসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ভেঙে ফেলা হয়। অনেক দোকানমালিককে তাৎক্ষণিকভাবে তাঁদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছরে মহাসড়কের পাশে এসব অবৈধ স্থাপনা গড়ে ওঠে এবং ধীরে ধীরে স্থায়ী রূপ নেয়। প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় পরিচালিত এসব দোকান সড়কের জায়গা দখল করে নেওয়ায় প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হতো এবং ছোট-বড় দুর্ঘটনা ঘটত।
সওজের উপসহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, মহাসড়ককে দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে যাতে পুনরায় কেউ সড়কের জায়গা দখল করতে না পারে, সে জন্য কঠোর নজরদারি জোরদার করা হবে।