হোম > সারা দেশ

মধ্যরাতে হাসপাতালে আপত্তিকর অবস্থায় কারারক্ষী-কলেজছাত্রী আটক

জয়পুরহাট প্রতিনিধি

​কারারক্ষী ওয়াজেদ আলী। ছবি: সংগৃহীত

​অসামাজিক কার্যকলাপের অভিযোগে জয়পুরহাট কারাগারের এক কারারক্ষীকে আটক করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে থাকা এক কলেজছাত্রীকেও পুলিশে দেওয়া হয়। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে।

​আটক কারারক্ষীর নাম ওয়াজেদ আলী (৪২)। তিনি জয়পুরহাট কারাগারে কর্মরত। তাঁর বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলায় এবং ওই কলেজছাত্রীর বাড়িও একই উপজেলায়।

পুলিশ ও কারাগার সূত্রে জানা গেছে, ওয়াজেদ আলীর সঙ্গে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক রয়েছে। গতকাল সোমবার ওই ছাত্রী জয়পুরহাটে এসে তাঁর সঙ্গে দেখা করেন। সেদিন রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত কারাগারে দায়িত্ব পালন শেষে ওয়াজেদ আলী ব্যারাকে না ফিরে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের বারান্দায় ওই ছাত্রীর সঙ্গে অবস্থান করছিলেন।

তাঁদের আচরণ দেখে রোগীর স্বজনদের সন্দেহ হলে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। একপর্যায়ে দুজন নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের আটক করে পুলিশে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ গিয়ে তাঁদের থানায় নিয়ে যায়।

আজ মঙ্গলবার দুপুরে থানায় গিয়ে দেখা যায়, ওয়াজেদ আলীকে হাজতে এবং কলেজছাত্রীকে নারী ও শিশু সহায়তা কক্ষে রাখা হয়েছে।

​এ বিষয়ে কলেজছাত্রী বলেন, ‘রাতে হাসপাতালে থাকার সময় লোকজন আমাদের আটক করেন এবং পরে পুলিশ থানায় নিয়ে আসে। ওয়াজেদের স্ত্রী ও সন্তান থাকার বিষয়টি আমি জানি। তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও ওয়াজেদের চাকরির ক্ষতি হোক, তা আমি চাই না এবং কোনো মামলা করব না।’

​জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘হাসপাতালের বারান্দায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষ কারারক্ষী ও কলেজছাত্রীকে পুলিশে দিয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের থানায় আসতে বলা হয়েছে।’

​জয়পুরহাট কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, ‘গতকাল সোমবার রাত ১১টা থেকে রাত ১টা পর্যন্ত দায়িত্ব পালনের পর আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে ওয়াজেদ আলীর পুনরায় দায়িত্ব পালনের কথা ছিল, কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন। থানার পুলিশ বিষয়টি কারাগারে জানিয়েছে এবং ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’