হোম > সারা দেশ > শরীয়তপুর

ময়লার গাড়িতে সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের ২ কর্মচারী আটক

শরীয়তপুর প্রতিনিধি

সরকারি ওষুধ পাচারকালে আটক হাসপাতালের দুই কর্মচারী। ছবি: আজকের পত্রিকা

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে সরকারি ওষুধ ময়লার গাড়িতে করে পাচারের চেষ্টাকালে হাসপাতালের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালের প্রধান ফটকে তল্লাশি চালিয়ে ওষুধসহ তাঁদের আটক করে আনসার সদস্যরা। পরে তাঁদের পুলিশে দেওয়া হয়।

আটককৃতরা হলেন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী টুবেল হরিজন (৩৫) ও ডোম সহকারী ইবাদুল মিয়া (৫৫)।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বিকেলে হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্য আব্দুর রাজ্জাক। এ সময় টুবেল ও ইবাদুলকে একটি ময়লার ভ্যানগাড়িতে হাসপাতালে ব্যবহৃত সরঞ্জাম বহন করতে দেখে তাঁর সন্দেহ হয়। এ সময় আনসার সদস্য আব্দুর রাজ্জাক ময়লার ভ্যানটি তল্লাশি করেন।

তল্লাশিকালে ভ্যান থেকে সলবিয়ন ভিটামিন ওষুধের মোট ১৮০ বক্স উদ্ধার করা হয়। প্রতিটি বক্সে ৫০ পিস করে মোট ৯ হাজারটি সরকারি ওষুধ পাওয়া যায়। উদ্ধার হওয়া ওষুধের মেয়াদ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত উল্লেখ রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন আনসার সদস্যকে জানান, তাঁরা ওষুধগুলো হাসপাতালের বাইরে নিয়ে যাচ্ছিলেন।

ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে কোম্পানি কমান্ডারকে জানান আনসার সদস্য আব্দুর রাজ্জাক। পরবর্তীকালে পালং থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পালং মডেল থানার মোবাইল ডিউটি টিম ঘটনাস্থলে এসে ওষুধসহ দুজনকে পুলিশ হেফাজতে নেয়।

হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে।

আনসার সদস্য আব্দুর রাজ্জাক বলেন, হাসপাতালের দুই কর্মচারী ময়লার গাড়িতে হাসপাতালের এক কার্টন সরকারি ওষুধ বাইরে নিয়ে যাচ্ছিল। ওষুধসহ তাঁদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দুজনকে আটক করে নিয়ে যায়।

হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, হাসপাতালের সরকারি ওষুধ বাইরে নিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম বলেন, সরকারি ওষুধ পাচারকালে হাসপাতালের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাটে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, আহত ৮

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক, ১৩ জনকে জরিমানা

বরগুনায় বিএনপির এজেন্টকে কুপিয়ে আহতের অভিযোগ

পটুয়াখালীতে ‘অর্ধকোটি’ টাকাসহ বিএনপি প্রার্থীর কর্মী আটক

ভোটকেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা, জামায়াতের চার কর্মী আটক

বরগুনা-১ আসনের গগন স্কুলকেন্দ্রে রাতেই ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

ঝিনাইদহে এজেন্টের স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দ, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

বগুড়ায় ভোটকেন্দ্রে অনুপ্রবেশের অভিযোগে জামায়াত নেতা আটক

আচরণবিধি লঙ্ঘনের দায়ে জামায়াতের কর্মীসহ রাজধানীতে গ্রেপ্তার ৫, কারাদণ্ড-জরিমানা

ধুনটে ভোটকেন্দ্রের বাইরে ছাত্রদল নেতার মাথায় ছুরিকাঘাতের অভিযোগ