হোম > সারা দেশ > পটুয়াখালী

বড় ভাইয়ের কাছে টাকার ভাগ চাইতে গিয়ে ভাতিজার হামলায় চাচা আহত

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বড় ভাইয়ের কাছে টাকার ভাগ চাইতে গিয়ে ভাতিজার হামলায় আলাউদ্দিন সরদার নামের এক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বহরমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমতলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। আহত আলাউদ্দিন সরদার ওই ইউনিয়নের মৃত খালেক সরদারের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খালেক সরদারের তিন ছেলে খলিল সরদার, সহিদ সরদার ও আলাউদ্দিন সরদার। জীবিত অবস্থায় খালেক সরদার একটি গ্রামীণ টাওয়ার নির্মাণের জন্য জমি দেন। ওই টাওয়ারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিবছর এককালীন টাকা দেয়। খালেক সরদার মারা যাওয়ার পর তিন ভাই সেই টাকা সমান ভাগে নিতেন। তবে দুই বছর ধরে খলিল ও সহিদ সরদার ওই টাকা ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।

শনিবার সন্ধ্যায় আলাউদ্দিন সরদার তাঁর দুই ভাইয়ের কাছে ভাগের টাকা চাইতে গেলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেজ ভাই সহিদ সরদারের ছেলে রেজাউল এসে আলাউদ্দিন সরদারের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী শহিদুল আলম মোল্লা আজকের পত্রিকাকে বলেন, ‘আমার দোকানের সামনে তিন ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। এ সময় সহিদ সরদারের ছেলে রেজাউল এসে আলাউদ্দিন সরদারের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে কোপ দেয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যায়।’

আলাউদ্দিন সরদারের বড় ভাই খলিল সরদার বলেন, ‘আলাউদ্দিন বাজারে এসে টাকা চাইছিল। আমি বলি পরে কথা বলব। এরপরও টাকা নিয়ে কথা-কাটাকাটি হয়। তখন ভাইয়ের ছেলে রেজাউল এসে আলাউদ্দিনকে মারধর করে। আমি ছাড়াতে গেলে আমিও আহত হই। তবে মাথায় কীভাবে আঘাত লাগে, তা আমি দেখিনি।’

আহত আলাউদ্দিন সরদার বলেন, ‘আমি দিনমজুরের কাজ করি। আমার আর্থিক অবস্থা খারাপ। বাবা গ্রামীণ টাওয়ার বসানোর জন্য জায়গা দিয়েছিলেন। সেখান থেকে যে টাকা পাওয়া যায়, তা আমরা তিন ভাই ভাগ করে নিতাম। কিন্তু দুই বছর ধরে আমার ভাগের টাকা দিচ্ছে না। শনিবার টাকা চাইতে গেলে তারা আমাকে মারধর করে। পরে আমার ভাতিজা রেজাউল এসে মাথায় আঘাত করে। এরপর আমার কিছু মনে নেই, হাসপাতালে এসে জ্ঞান ফেরে।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তির পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

৩ হাজার লিটার ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

সাগরেই শেষ ইউরোপের স্বপ্ন: গ্রিস উপকূলে প্রাণ হারানোদের ১০ জনই সুনামগঞ্জের

যুবদল নেতার বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ

নরসিংদীতে জ্বালানি তেলের সংকট, পেট্রলপাম্পে দীর্ঘ লাইন

যোগদানের ৪ দিনের মধ্যেই শিবচর থানার ওসি প্রত্যাহার

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের

শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: অগ্নিদগ্ধ অধ্যক্ষ শাহেদা মারা গেছেন

রাজশাহী বিভাগ: ছড়িয়ে পড়েছে হাম, শনাক্তের হার ২৯%

শাহজালালে কার্গো টয়লেট থেকে ৩৮ কোটি টাকার সোনার বার উদ্ধার

ফে‌রিঘাটে বাসডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি