হোম > সারা দেশ > খুলনা

খুলনায় ৫ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কাজী নিজাম উদ্দিন সুজন। ছবি: সংগৃহীত

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারের দাবি জানিয়ে আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।

খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, ‘আমার ছেলে খুলনা শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ২১ ফেব্রুয়ারি সে নিজ বাসভবনে ইফতার করে। এরপর একটু রেস্ট নিয়ে সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সে পুলিশ লাইনস মসজিদে তারাবির নামাজ আদায় করতে যায়।’

কাজী আব্দুস সোবহান বলেন, ‘মসজিদে সে নামাজ আদায় করে প্রায় আধা ঘণ্টা পর মসজিদ থেকে বের হয়। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসিটিভির ভিডিও ফুটেজে দেখা যায়, সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আমরা আশপাশের অনেক সিসিটিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু ওই এলাকায় অনেক সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট থাকায় আমরা তার পরবর্তী অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারিনি। মসজিদের সামনে থেকে সুজনের নিখোঁজ হয়ে যাওয়াটা খুবই রহস্যজনক।’

আব্দুস সোবহান বলেন, ‘ওই রাতে আত্মীয়স্বজন, সুজনের বন্ধুবান্ধবসহ পরিচিত সব জায়গায় খোঁজ নিয়ে কোনো সন্ধান না পেয়ে পরদিন ২২ ফেব্রুয়ারি আমি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৬০) করি। এ ছাড়া পুলিশের কর্মকর্তা, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করে সুজনকে উদ্ধারে সহযোগিতা চাই। কিন্তু দুর্ভাগ্য, এখনো সুজনকে উদ্ধার বা তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে আমি এবং আমার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছি। ছেলেকে না দেখতে পেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েছে। আমার বউমা (সুজনের স্ত্রী) তার একমাত্র ৫ বছরের সন্তান নিয়ে বাক্‌রুদ্ধ হয়ে পড়েছে। বাবাকে না দেখতে পেয়ে আমার নাতি কাঁদছে।’

কাজী আব্দুস সোবহান আরও বলেন, ‘আমার একমাত্র ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নয়। কোনো দিন করেওনি। আমার সব ব্যবসা-বাণিজ্য সে দেখাশোনা করত। আমার ছেলের বিরুদ্ধে কোনো মামলাও নেই। কারও সঙ্গে শত্রুতাও নেই। ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়ি ছাড়া আর কোথাও সে যেত না। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে আমার ছেলে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে। আমার সন্তান নিয়ে সব সময় গর্ববোধ করি। এমন ছেলের কোনো কারণ ছাড়াই হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়াটা রহস্যজনক। খুলনার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিটের প্রতি দাবি জানাচ্ছি, আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিতে আপনারা জোরালো পদক্ষেপ গ্রহণ করুন।’

সংবাদ সম্মেলনে নিখোঁজ সুজনের মা, স্ত্রী ও একমাত্র ৫ বছরের সন্তান উপস্থিত ছিলেন।

সিবিএর তিন নেতাকে নিয়ে ‘নমনীয়’ কর্তৃপক্ষ

নির্ধারিত দামে মিলছে না সার, বাড়ছে খরচ

গাছ কেটে ৭৫ একর বনভূমি দখলের চেষ্টা

তিতাসের অর্থে নসরুল হামিদের প্রতিষ্ঠানের গ্যাস-সংযোগ

পুলিশের পোশাকে চাঁদা তোলেন ‘ভাগিনা নাঈম’

রায়েরবাজারে রাস্তায় স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

নির্বাচনী সহিংসতা: পুরুষশূন্য ঝিনাইদহের দুই গ্রাম

হেলে পড়া পাঁচতলা ভবনে ঝুঁকি নিয়ে বসবাস

নির্মাণাধীন ভবনে শিশুর মৃত্যুর ঘটনায় হাতিরঝিল থানা ঘেরাও করে বিক্ষোভ