নরসিংদী জেলার আরগীনগর মোড়ে গেলেই প্রথমেই নাকে ভেসে আসে একধরনের তীব্র আঠার গন্ধ। চারপাশে তাকালেই দেখা যায়, বিভিন্ন শিল্পকারখানার বাইরে ছোট ছোট কারিগরদের হাতে তৈরি হচ্ছে জুতা। সেই জুতার আঠার ঘ্রাণই যেন জানান দেয়—এখানে এখনো টিকে আছে ঐতিহ্যবাহী হাতে তৈরি জুতার কারখানা।
একসময় এই হাতে তৈরি জুতার বাজার ছিল জমজমাট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই চিত্র বদলে গেছে। এখন ক্রেতার উপস্থিতি আগের মতো চোখে পড়ে না। শুধু ঈদ মৌসুমে কিছুটা ভিড় দেখা গেলেও তা বড় বড় শোরুমের সঙ্গে তুলনা করলে খুবই নগণ্য। ফলে চিরচেনা এসব দোকান ধীরে ধীরে ক্রেতাশূন্য হয়ে পড়ছে। এখানকার উদ্যোক্তারা নীরবে নিজেদের কাজ করে যাচ্ছেন। কোথাও কয়েকজন শ্রমিক মিলে জুতা তৈরি করছেন, আবার কোথাও একজন কারিগরই একাই ফিতা কাটা, সেলাই থেকে শুরু করে পুরো জুতা তৈরির কাজ সামলাচ্ছেন।
স্থানীয় এক দোকানদার দিলীপ রবি দাস বলেন, ‘ঈদ মৌসুম ছাড়া আমাদের প্রায় ক্রেতাশূন্য থাকতে হয়। দুই ঈদ ছাড়া সারা বছরই কষ্টে দিন কাটে। জুতা বিক্রি করে ঠিকমতো সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।’
এসব দোকানে ক্রেতা মূলত নিম্ন আয়ের মানুষ। অটোচালক রমজান আলী বলেন, ‘আমি ৭০০ টাকায় ভালো জুতা কিনেছি। শোরুমে গেলে এত কম দামে পাওয়া সম্ভব না।’
সব মিলিয়ে নরসিংদীর এই হাতে তৈরি জুতাশিল্প এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। একদিকে বড় ব্র্যান্ডের প্রতিযোগিতা, অন্যদিকে পুঁজির অভাব ও কমে যাওয়া চাহিদা—সবকিছু মিলিয়ে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষের জন্য টিকে থাকাই যেন এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নরসিংদী বাজার কমিটির সভাপতি বাবুল সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সামগ্রিকভাবে বিক্রি কমছে, জুতার বিভিন্ন কাঁচামালের দাম বাড়ছে—সেই তুলনায় জুতার দাম বাড়ছে না। হাতে তৈরি দোকানদারদের বিক্রিতে মন্দা যাচ্ছে। হয়তো এখন ঈদ উপলক্ষে একটু বেচাকেনা ভালো।’