হোম > সারা দেশ > ঢাকা

পুরোনো বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রস্তুতি সভায় বক্তব্য দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রসংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে কেন্দ্রীয় ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সকাল ৮টায় এ জামাত শুরু হবে।

ঈদ জামাত আয়োজন উপলক্ষে আজ রোববার ডিএনসিসির সম্মেলনকক্ষে এক প্রস্তুতি সভা শেষে করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. জোবায়ের হোসেন প্রেরিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। সভায় কেন্দ্রীয় ঈদ জামাতের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

বিবৃতিতে জানানো হয়েছে, নগরবাসীর জন্য সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা থাকবে। মুসল্লিদের সুবিধার্থে অজুর ব্যবস্থাও রাখা হবে।

এ ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।

সভায় ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের উদ্দেশে বলেন, যার যার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং নগরবাসীকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে।

এদিকে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাতের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নারীদের জন্য জাতীয় ঈদগাহের দক্ষিণ দিকে আলাদা প্রবেশপথসহ আসন রাখা, ঈদগাহ ময়দান সমতলকরণ, ঘাস কাটা, প্যান্ডেল তৈরি (বৃষ্টির জন্য ত্রিপল স্থাপন) এবং অজুর পানি, পাত্র ও ট্যাপ, মোবাইল টয়লেট ও সুপেয় পানির পর্যাপ্ত ব্যবস্থা নিশ্চিত করাসহ ঈদগাহের মাঠের চতুর্পাশে মোবাইল টয়লেটের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশন।

জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি তুলে ধরতে সোমবার সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান।

খিলক্ষেতে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

কেন্দ্রীয় শহীদ মিনারে দুর্বৃত্তের গুলি, কনটেন্ট ক্রিয়েটর নিহত

মাংস খেতে চাওয়ায় মাকে ‘মারধর’, ছেলের গলায় পানির কলসি ঝুলিয়ে ঘোরানো হলো বাজারে

নেত্রকোনা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের জয়

রাজবাড়ীতে তেলের পাম্পে পেছন থেকে ট্রাকের ধাক্কা, মাহিন্দ্রাচাপায় নিহত ২

কোম্পানীগঞ্জে ভিজিএফের ২১ বস্তা চাল উধাও, দিনভর দাঁড়িয়ে ফিরলেন উপকারভোগীরা

চুরি করা সেই নবজাতককে ফেলে পালালেন তরুণী, উদ্ধার করলেন স্থানীয় নারী

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের ইফতার অনুষ্ঠিত

সড়কে ১৪ জন নিহত: মামলা দায়ের, তদন্ত শুরু

বাগেরহাটে গুলিতে নিহত শ্রমিক লীগ নেতার দাফন