হোম > সারা দেশ > বরগুনা

কুপিয়ে আহত করার জেরে গণপিটুনিতে যুবক নিহত

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

সুজনের মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বরগুনার পাথরঘাটায় এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার জেরে অভিযুক্ত ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মধ্য লেমুয়া ৮ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আবুল বাসার সুজন (৩৮)। তিনি ওই এলাকার মৃত বজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মোবাইল-সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মন্টু মিয়ার ছেলে কালু মিয়াকে (২০) মারধর করেন সুজন। খবর পেয়ে কালুর বড় ভাই রিয়াজ (২৮) ঘটনাস্থলে গেলে তাঁর ওপরও হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, সুজন রিয়াজকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে রিয়াজের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এর পরদিন শুক্রবার সকাল ১০টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী সুজনের বাড়িতে গিয়ে তাঁকে গণপিটুনি দেয়। এ সময় তাঁর বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে দুপুরের দিকে পুলিশ সুজনকে তাঁর বাড়ির উঠান থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে পাথরঘাটা থানার উপপরিদর্শক অশিত কুমার জানান, ঘটনার পেছনে কী ঘটেছে তার তদন্ত চলছে‌। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ভোট পুনর্গণনার দাবি জামায়াতের পরাজিত প্রার্থী গোলাম পরোয়ারের

ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

ফল পুনর্গণনার দাবিতে পাবনায় বিএনপির নেতা-কর্মীদের ডিসি অফিস ঘেরাও

নারায়ণগঞ্জে চাঁদাবাজদের আজ থেকেই প্রতিহত করুন: আল আমিন

গাইবান্ধায় বাম দলের সব প্রার্থীসহ জামানত হারালেন ২৮ জন

ঢাকা বিভাগের ৭০টি আসনের ৫৯টিই বিএনপির দখলে

সর্বকনিষ্ঠ নির্বাচিত এমপি হলেন পুতুল

চাঁদপুরে নির্বাচনের পর বাড়িঘরে হামলা-ভাঙচুর, শিশুসহ আহত ৫

নাটোরে ২৭ প্রার্থীর ১৯ জনেরই জামানত বাজেয়াপ্ত

সিলেটে যে ২০ প্রার্থী জামানত হারালেন