বগুড়া-৬ (সদর) আসনে ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাঁকে আটক করা হয়। আটক জামায়াত নেতা নাসিরুল ইসলাম বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার জানান, বুধবার রাতে জামায়াত নেতা নাসিরুলের নেতৃত্বে ১০-১৫ জন নেতা-কর্মী ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে প্রবেশ করেন। খবর পেয়ে সেখানে গিয়ে জামায়াত নেতা নাসিরুলকে পাওয়া যায়। তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তাঁরা জানিয়েছেন, রাতে পোলিং এজেন্টের তালিকা প্রিসাইডিং কর্মকর্তা দিতে কেন্দ্রে এসেছিলেন। তবে রাতে তালিকা দেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম জানান, ভোটকেন্দ্রে জামায়াতের নেতা-কর্মীরা পোলিং এজেন্টের তালিকা জমা দিতে এসেছিলেন। এ খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন ভোটকেন্দ্রের বাইরে জড়ো হন। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি সামাল দেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিন বলেন, শুধু পোলিং এজেন্টের নামের তালিকা দিতে প্রিসাইডিং কর্মকর্তার কাছে গিয়েছিলেন জামায়াতের কর্মীরা। সেখানে বিএনপির নেতা-কর্মীরা মব তৈরি করে জামায়াত নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন।