হোম > সারা দেশ > বগুড়া

লাশ নিয়ে মহাসড়ক অবরোধ, এক ঘণ্টা বন্ধ যান চলাচল

বগুড়া প্রতিনিধি

আজ সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় ওভারপাস নির্মাণের দাবিতে অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ছবি: আজকের পত্রিকা

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন সেখানে গিয়ে আলোচনা করলে অবরোধ প্রত্যাহার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বেতগাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে একই পরিবারের চারজন আহত হন। পরে বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চামেলী খাতুন নামের একজন মারা যান।

চামেলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে তাঁর লাশ নিয়ে বেতগাড়ি লিচুতলা বাইপাস মোড়ে অবস্থান নেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

অবরোধকারীদের দাবি, ঝুঁকিপূর্ণ এই মোড়ে দ্রুত ফ্লাইওভার নির্মাণ করতে হবে এবং নিহত ও আহত পরিবারের পাশে দাঁড়াতে হবে।

খবর পেয়ে ঘটনাস্থলে যান বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় আহত এক শিশুর চিকিৎসার জন্য তিনি ২০ হাজার টাকা সহায়তা দেন। পরে তাঁর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। তবে দ্রুত ব্যবস্থা না নিলে আবারও কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

বগুড়ার হাইওয়ে পুলিশ সুপার আবু তোরাব মো. শামসুর রহমান বলেন, স্থানীয় বাসিন্দারা এখানে ওভারপাস নির্মাণের দাবি জানিয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও বলেন, মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।

যে পরিমাণ বকেয়া, আমার জন্য একটা কঠিন পরীক্ষা: টুকু

নকলের মতোই মাদক-সন্ত্রাসমুক্ত দেশ গড়ার অঙ্গীকার শিক্ষামন্ত্রীর

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২ জনের পরিচয় মিলেছে

সেই বাঘিনী অনেকটাই সুস্থ, ফিরছে সুন্দরবনে

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

গোপনে জবাই করা ঘোড়ার ৪০০ কেজি মাংস জব্দ, দুজনের জেল-জরিমানা

তিনজনকে চাপা দিয়ে দোকানে লরি, নিহত ১ ও আহত ৩

রাজধানীর আজিমপুরে ট্রাকচাপায় অটোচালকের মৃত্যু

৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও ওভারটাইম ভাতার দাবি