ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। আজ রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ ও আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। অবরোধের কারণে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যা প্রায় সাত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়। এতে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
খবর পেয়ে বেলা ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক এবং প্রশাসনের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাঁরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবিদাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পরবর্তীকালে ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ পারাপার ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা সড়ক ছেড়ে দেন।
হাইওয়ে পুলিশ ময়নামতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মবিন বলেন, অবরোধ প্রত্যাহারের পরপরই যান চলাচল সচল করতে কাজ শুরু করা হয়। এক ঘণ্টার অবরোধের কারণে সৃষ্ট যানজট দ্রুত নিরসনের চেষ্টা চলছে এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
উল্লেখ্য, ১ এপ্রিল একই স্থানে মহাসড়ক পারাপারের সময় লরিচাপায় নিহত হয় চান্দিনার বড় গোবিন্দপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। ওই ঘটনার প্রতিবাদে ৩ এপ্রিল এলাকাবাসী মানববন্ধন করেন। সাম্প্রতিক এ দুর্ঘটনাই মূলত অবরোধের পেছনে প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
আন্দোলনকারীরা জানান, কাঠেরপুল এলাকা চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সংযোগস্থল হওয়ায় প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার হয়। গত কয়েক বছরে এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত ফুটওভারব্রিজ, ইউ-লুপ বা আন্ডারপাস নির্মাণের দাবি তাদের।
স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, কাঠেরপুল এলাকায় একটি ইউ-লুপ নির্মাণের বিষয় বিবেচনায় রয়েছে। এটি বাস্তবায়নে কিছুটা সময় লাগলেও দ্রুত একটি স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।