ভোলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার এক দিন আগে ঈদুল ফিতর উদ্যাপন করবে। আগামীকাল শুক্রবার সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে খলিফা মজনু মিয়ার নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দরবারে আউলিয়ার সুরেশ্বর দরবার পীরের মুরিদ ও ভোলা জেলার দায়িত্বে নিয়োজিত খলিফা মজনু মিয়ার স্ত্রী জয়গুন বিবি আজকের পত্রিকাকে বলেন, মজনু মিয়া মারা যাওয়ার পর তাঁর ছোট ছেলে রাশেদুল ইসলাম বাবু এই দায়িত্ব পালন করছেন।
সুরেশ্বর দরবার পীরের মুরিদ রাশেদুল ইসলাম বাবু বলেন, ‘ভোলা জেলার পাঁচ উপজেলার ১৪টি গ্রামের প্রায় ৩ হাজার পরিবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগামীকাল ঈদুল ফিতর উদ্যাপন করবেন। তাই সকাল ৯টায় বোরহানউদ্দিন উপজেলার টবগী গ্রামে আমাদের নিজ বাড়ির আঙিনায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। মাওলানা শিহাব উদ্দিন এই জামাতে ইমামতি করবেন।’
রাশেদুল ইসলাম আরও জানান, একই সঙ্গে গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদে সকাল ৯টায় এবং পঞ্চায়েত বাড়ির জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জেলার বিভিন্ন জায়গায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে তজুমদ্দিন উপজেলার ছালাম মেম্বার বাড়ি, আব্দুল্লাহ মাঝি বাড়ি, লালমোহন উপজেলার লাঙ্গলখালীর পশ্চিম পাশে পাটোয়ারী বাড়ির জামে মসজিদ-সংলগ্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
গ্রামগুলোর মধ্যে রয়েছে ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম; বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম; তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম; লালমোহন উপজেলার পৌর শহর, ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা গ্রামের প্রায় ৩ হাজার পরিবার প্রতিবছর এক দিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকে।
সুরেশ্বর পীরের মুরিদ ছাড়াও চট্টগ্রামের সাতকানিয়া এবং ভান্ডারি শরিফ পীরের মুরিদ এসব পরিবারের সদস্যরা শতাধিক বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।