হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীর ৫টি আসন: আ.লীগের ভোটে নজর সবার

হারুনূর রশিদ, নরসিংদী

জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ। এখন ভোটের অপেক্ষা। নরসিংদীতে দীর্ঘদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রভাব ছিল। তবে দলটি এবারের ভোটে নেই। বিএনপির ভোটও কম নয় এখানে। ফলে এই জেলার পাঁচটি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সব প্রার্থীই চেষ্টা চালিয়েছেন আওয়ামী লীগের ভোট টানতে।

১৯৯১ সালে নরসিংদীর পাঁচটি আসনেই জয়ী হয়েছিল বিএনপি। তবে ২০০৮ সালের নির্বাচনে সব আসন জিতে নিয়েছিল আওয়ামী লীগ। দলীয় ও স্থানীয় সূত্রগুলো বলছে, এবারের ভোটে আওয়ামী লীগ না থাকায় সব প্রার্থীই চেষ্টা করছেন ওই ভোটগুলো নিজের ঝুলিতে ভরার। এ কারণে তাঁরা নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন। নরসিংদী ১, ২ ও ৪ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে হলেও নরসিংদী ৩ ও ৫ আসনের হিসাব বেশ খানিকটা জটিল। দুটি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। পাশাপাশি আছেন অন্য দলগুলোর প্রার্থীও। বিশেষ করে নরসিংদী-৫ আসনে হবে চতুর্মুখী লড়াই।

নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি খায়রুল কবির খোকন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর ইব্রাহিম ভূঁইয়া। এই আসনে ১৯৯১, ১৯৯৬-এর ফেব্রুয়ারি ও ১৯৯৬ এবং ২০০১ সালে বিএনপির সামসুদ্দীন আহমেদ এছাক সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটি আওয়ামী লীগের দখলে যায় ২০০৮ সালে দলটির প্রার্থী হিসেবে লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর (বীর প্রতীক) বিজয়ের মাধ্যমে।

নরসিংদী-২ (পলাশ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। তাঁর বিরুদ্ধে শক্ত অবস্থান গড়ে তুলেছেন ১১ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোলাম সারোয়ার তুষার।

নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহী। তবে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা এবং ১১ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রাকিবুল ইসলাম রাকিব।

নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল ও জামায়াতের মো. জাহাঙ্গীর আলমের মধ্যে। এই আসনে মোট ভোটার ৪ লাখ ২৪ হাজার ১৫৬ জন। এই আসন থেকে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির সরদার সাখাওয়াত হোসেন বকুল নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেনাপ্রধান নুরউদ্দীন খান নির্বাচিত হন। ২০০১ সালে আবার এই আসন বিএনপির দখলে যায়। ২০০৮ সাল থেকে আসনটি আওয়ামী লীগের দখলে ছিল।

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সমীকরণ এবার সবচেয়ে জটিল। বিএনপির প্রার্থী মো. আশরাফ উদ্দিন বকুল, দলটির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী জামাল আহাম্মদ চৌধুরী মুখোমুখি অবস্থানে রয়েছেন। আরও আছেন ১১ দলীয় জোট, ইসলামী আন্দোলন ও একাধিক স্বতন্ত্র প্রার্থী। মোট ভোটার ৪ লাখ ৮৮ হাজার ২৯৬ জন। এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী হন। ১৯৯৬ সালে আসনটিতে বিজয়ী হন আওয়ামী লীগের রাজিউদ্দিন আহমেদ রাজু। এরপর থেকেই আসনটি আওয়ামী লীগের দখলে।

পটুয়াখালীর ৪ আসন: লড়াই হবে বিএনপি-জামায়াতে

শেরপুর-২: ‘অঞ্চলপ্রীতির’ চ্যালেঞ্জে ধানের শীষের প্রার্থী

যশোর-৫: বিএনপির প্রতিপক্ষ বিএনপি

বরিশালের ৩টি আসন: সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী

রংপুর-২ আসনে নির্বাচনী উত্তাপ: ত্রিমুখী লড়াইয়ের উত্তেজনা

চট্টগ্রাম বিভাগ: ভোটারদের মতে বিএনপি এগিয়ে

উত্তরায় প্রস্তুত সেনাবাহিনী, যেকোনো কেন্দ্রে পৌঁছাতে ১০ মিনিট

পাথরঘাটায় পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

নির্বাচিত হলে মাদারীপুরকে একটি শিল্পনগরী গড়ে তুলব: খোকন

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম আটক