হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে দিনদুপুরে রাস্তায় গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন, সাবেক স্বামী আটক

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

আটক আনোয়ারুল ইসলাম। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে প্রিয়তা (২০) নামের এক গার্মেন্টস কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় ওই নারীর সাবেক স্বামী মো. আনোয়ারুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে, তালাক দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই গার্মেন্টস কর্মীকে খুন করেছেন আনোয়ারুল।

নিহত প্রিয়তা ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রহেলা গ্রামের মো. দুলাল মিয়ার মেয়ে। তিনি শ্রীপুর উপজেলার রিদিশা গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন।

অভিযুক্ত আনোয়ারুল ইসলাম (২৪) ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ডাইলের বাজার এলাকার মো. আকরাম আলীর ছেলে।

নিহতের বড় বোন বিলকিস আক্তার বলেন, পাঁচ বছর আগে আনোয়ারুলের সঙ্গে প্রিয়তার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের তিন বছর বয়সী এক ছেলেসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ লেগে থাকত। আনোয়ারুল মাদকাসক্ত হয়ে পড়ায় অশান্তি আরও বাড়ে। তিন মাস আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর শ্রীপুরের ধনুয়া গ্রামের হানু মার্কেট এলাকায় ভাড়া থেকে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন প্রিয়তা। আজ দুপুরের খাবার খেতে কারখানা থেকে বাসায় ফিরছিলেন প্রিয়তা। এ সময় আনোয়ারুল তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কোপান। প্রিয়তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও প্রচুর রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা আনোয়ারুলকে আটক করে পুলিশে দেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত গার্মেন্টস কর্মীর সহকর্মী মিনারা খাতুন বলেন, ‘আমরা সবাই দুপুরের খাবার বিরতিতে বাসায় ফিরছিলাম। এ সময় প্রিয়তার সাবেক স্বামী এসে কিছু না বলে ছুরি দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই প্রিয়তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর সাবেক স্বামীকে আটক করা হয়েছে। আগামীকাল শুক্রবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হবে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরিটি উদ্ধার করা হয়েছে।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

রাজধানীর শ্যামপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

ফতুল্লায় শাশুড়িকে হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

মুন্সিগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩

নারীর পালা হাঁসের ডিম বিক্রির টাকা উপহার পেয়ে কাঁদলেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ

ঝালকাঠিতে ধর্ষণ মামলায় বালিকা বিদ্যালয়ের ল্যাব অপারেটর গ্রেপ্তার

ঝিনাইদহ-৪: স্বতন্ত্র প্রার্থী সাইফুলের নির্বাচনী অফিস ভাঙচুর

ঝিনাইদহে প্রাইভেট কারের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিএনপি ক্ষমতায় গেলে ডিগ্রি পর্যন্ত উপবৃত্তি দেওয়া হবে: মিলন

আমির হামজার ফেসবুক পেজ অপসারণ ক‌রেছে মেটা