হোম > সারা দেশ > ময়মনসিংহ

এখন থেকে নগরবাসী কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না: মসিক প্রশাসক

ময়মনসিংহ প্রতিনিধি

বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর কাছ থেকে নিজ দায়িত্ব বুঝে নেন মসিক প্রশাসক মো. রোকনুজ্জামান সরকার। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. রোকনুজ্জামান সরকার। আজ সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর কাছ থেকে তিনি এই দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পরপরই নতুন প্রশাসক বলেন, নগরবাসী এখন থেকে সিটি করপোরেশনের কোনো কর্মকর্তাকে ‘স্যার’ সম্বোধন করবেন না। এখানকার সব কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক।

অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নিজের কর্মপরিকল্পনা তুলে ধরে রোকনুজ্জামান সরকার বলেন, আসন্ন ঈদ উপলক্ষে নগরীর যানজট নিরসনই হবে তাঁর প্রথম কাজ। তিনি বলেন, ‘ময়মনসিংহ নগরীকে যানজটমুক্ত করতে আমার একদল ভলান্টিয়ার থাকবে। তারা “সেবক” লেখা জার্সি পরে কাজ করবে এবং তাদের টিম লিডার হিসেবে আমি নিজেই মাঠে থাকব।’ নগরীর পরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘৬৮৭ জন পরিচ্ছন্নতাকর্মী থাকা সত্ত্বেও নগরী অপরিচ্ছন্ন থাকা কাম্য নয়। কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এমন পরিস্থিতি থাকার কথা নয়।’

ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে নবনিযুক্ত এই প্রশাসক বলেন, ‘আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই। সিটি করপোরেশনকে নতুন করে ঢেলে সাজাতে আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সহায়তা চেয়েছি এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন।’ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে মসিক প্রশাসক জানান, এখন থেকে দাপ্তরিক ফাইলের চেয়ে মাঠের কাজে বেশি গুরুত্ব দেবেন তিনি। সেই সঙ্গে নিজের কাজের গঠনমূলক সমালোচনার জন্য প্রতি মাসে এক দিন সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

এর আগে গত শনিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির বর্তমান সদস্যসচিব মো. রোকনুজ্জামান সরকারকে এই পদে নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার অধ্যাদেশ ২০২৪ অনুযায়ী জনস্বার্থে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।

দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকারের এই নিয়োগকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকেরা। ব্যবসায়ী নেতা ও সাধারণ বাসিন্দাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দ্রুত ফুটপাত দখলমুক্ত হবে। জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে নগরবাসী মুক্তি পাবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলোতে গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সব মহল।

মসিক প্রশাসকের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ময়মনসিংহ-৪ আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও ময়মনসিংহ-৫ আসনের এমপি মো. জাকির হোসেন বাবলু উপস্থিত ছিলেন।

চাঁদাবাজির মামলায় আলোচিত সেই রিয়াদ হত্যাচেষ্টা মামলায় জামিন

থানচির সাবেক ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো আর নেই

যশোরে ‘গোফরান বাহিনীর’ প্রধানসহ গ্রেপ্তার ২

কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যার ঘটনায় মামলা

শিকড় ভুলে গেলে ৫ আগস্ট বারবার ফিরে আসবে: প্রতিমন্ত্রী পুতুল

মাদারীপুর সদর থানার ওসি প্রত্যাহারের দাবি

শাসক নয়, মানুষের সেবক হতে চাই: বিসিসি প্রশাসক

বাঁচানো যায়নি অগ্নিদগ্ধ শিশু রাইসাকে, স্বজনদের দাবি হত্যাকাণ্ড

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী