হোম > সারা দেশ > চুয়াডাঙ্গা

জীবননগরে শিক্ষককে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায়

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 

ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাকীকে ব্যতিক্রমধর্মী আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অবসর উপলক্ষে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে শিক্ষার্থী ও এলাকাবাসী রাজকীয় সম্মান জানান।

রোববার (২২ মার্চ) ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজন করেন।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষক মো. মিজানুর রহমান লাকী বলেন, ‘আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব সৎভাবে পালন করতে। এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামের মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না। আজকের এই সম্মান আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।’ শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলাই একজন শিক্ষকের সবচেয়ে বড় দায়িত্ব। তোমরা সবাই ভালো মানুষ হবে, দেশ ও সমাজের জন্য কাজ করবে—এটাই আমার প্রত্যাশা।’

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক জনি আহমেদ বলেন, ‘স্যার শুধু আমাদের শিক্ষক ছিলেন না। তিনি অভিভাবকের মতো ছিলেন। তিনি আমাদের শাসন করেছেন, ভালোবাসা দিয়েছেন এবং জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই আমরা তাঁকে ব্যতিক্রমভাবে বিদায় জানাতে চেয়েছি।’

আরেক শিক্ষার্থী রাউফীল বলেন, ‘স্যারের কাছ থেকে আমরা শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা পেয়েছি। তিনি আমাদের জীবনে একজন আদর্শ শিক্ষক হয়ে থাকবেন।’

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে মিজানুর রহমান লাকীকে তাঁর বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এলাকাবাসী তাঁকে শুভেচ্ছা ও বিদায় জানান। ব্যতিক্রমী এই আয়োজন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, মো. মিজানুর রহমান লাকী ২০০২ সালে ধোপাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন এবং দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে ২০২৬ সালে অবসরে যান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে প্রতারণা, কক্সবাজারে গ্রেপ্তার ১

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

ঈদের ছুটিতে গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্রগুলোয় ভিড়

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, ২ তরুণ নিহত

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: ঝিনাইদহের একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেল কিশোরের

চাঁদপুর তিন নদীর মোহনায় দর্শনার্থীদের মিলনমেলা

যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী

থানচিতে ব্যবসায়ী নিখোঁজ

জামালপুরে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন, তদন্তে কমিটি গঠন