রাজধানীর কামরাঙ্গীরচরে ইশরাত জাহান ইভা (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় উত্তর রসুলপুর এলাকার নিজ বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে ইভার মামা খবির ব্যাপারী জানান, কামরাঙ্গীরচরের উত্তর রসুলপুর এলাকায় তাঁদের নিজস্ব বাড়ি। ইভার বাবার নাম ইকবাল হোসেন। ইভা আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এক ভাই ও এক বোনের মধ্যে ইভা ছিল বড়।
খবির ব্যাপারী আরও জানান, ঘটনার সময় ইভার বাবা ইকবাল হোসেন বাইরে ছিলেন। বিকেলে তার মা রাজিয়া বেগম বাজারে যান। তখন বাসায় ইভা ও তার ছোট ভাই রাইয়ান ছিল।
সন্ধ্যার দিকে রাজিয়া বেগম বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ইভাকে ঝুলতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে কী কারণে ইভা এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি স্বজনেরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে।