মুন্সিগঞ্জে পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে একটি চলন্ত বাসের ধাক্কায় এক তরুণী (১৮) মারা গেছেন।
গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক তাঁকে ফেলে পালিয়ে গেছেন। নিহত তরুণীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই তরুণী মোটরসাইকেলের পেছনে বসে জাজিরা প্রান্ত থেকে মাওয়ার দিকে আসছিলেন। মাওয়া প্রান্তের ৯ নম্বর পিলারের কাছে পৌঁছালে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সেতুর মাঝখানের বিভাজকে ধাক্কা খান। এ সময় একটি চলন্ত বাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক তাঁকে ফেলে পালিয়ে যান।
পরে পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন বলেন, নিহত তরুণীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতা নেওয়া হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি শনাক্ত ও চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। দুর্ঘটনার সময়ের পদ্মা সেতুর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজ পর্যালোচনা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তরুণীর মরদেহ পদ্মা সেতু উত্তর থানা-পুলিশের হেফাজতে রয়েছে।