হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজাপুর এলাকায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতির ঘটনায় এক হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বিজিবি-৫৫-এর ভারপ্রাপ্ত অধিনায়ক সৈয়দ ইশতিয়াক মোরশেদ এ তথ্য জানান।
বিজিবি কর্মকর্তা বলেন, বিজিবির উদ্ধারকারী দল ড্রাম ও জারকিনের মাধ্যমে এক হাজার লিটার ডিজেল উদ্ধার করে। এর ফলে সরকারি সম্পদ অপচয় রোধ, দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হয়েছে। তিনি বলেন, ট্রেনের তেলবাহী ওয়াগন লাইনচ্যুতির পরপরই বিজিবি-৫৫ ব্যাটালিয়নের মনতলা বিওপি থেকে বিজিবির উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে।
তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি সম্পদ রক্ষা এবং তেল লুটপাটের অপচেষ্টা রোধ করে। বর্তমানে এক প্লাটুন বিজিবি ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। তারা সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত এবং উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।