রাজনৈতিক সহিংসতার কারণে নারীরা ঘর থেকে বের হতেও ভয় পাচ্ছেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতি ঠিক করতে হবে। একই সঙ্গে নতুন রাষ্ট্র গঠনে নারীদের রাষ্ট্রীয় ক্ষমতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস-২০২৬ উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত গোলটেবিল বৈঠকে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিলারা চৌধুরী বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে সহিংসতার কারণে নারীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। মেয়েরা এখন ঘর থেকে বের হতেও ভয় পান। সত্যি বলতে, তিনিও কয়েক দিন ধরে বাইরে বের হচ্ছেন না। বাইরে গেলে গাড়িতে ককটেল হামলার শিকার হতে পারেন—এমন আশঙ্কা কাজ করছে তাঁর মধ্যে। তিনি বলেন, রাজনীতিকে ঠিক করতে হবে এবং নতুন রাষ্ট্র গঠনে নারীদের রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে। নারীদের জীবনকে প্রভাবিত করে—এমন আইন প্রণয়ন ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নারীদের মতামত থাকা জরুরি। কারণ, প্রতিটি সিদ্ধান্তেরই একটি জেন্ডার দৃষ্টিভঙ্গি রয়েছে।
নারীর স্বাস্থ্যসেবার বিষয়ে এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, সাধারণ স্বাস্থ্যসেবার পাশাপাশি নারীর প্রজননস্বাস্থ্যকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সন্তান প্রসবের পর নারীদের শারীরিক ও হরমোনজনিত নানা পরিবর্তন ঘটে। প্রসবপরবর্তী বিষণ্নতাসহ এসব সমস্যার যথাযথ চিকিৎসা ও সেবা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী নির্যাতনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, অধিকাংশ ক্ষেত্রে নির্যাতনকারীরা নারীর পরিচিত ও আপনজন। নির্যাতনের শিকার অনেক নারী শুরুতেই আইনি পদক্ষেপ নিতে চান না। তাঁরা চান, কেউ তাঁদের কথা শুনুক, বুঝুক, বিশ্বাস করুক এবং পাশে দাঁড়াক। অনেক ক্ষেত্রে তাঁদের প্রথম প্রয়োজন বিচারিক প্রক্রিয়া নয়, বরং নিরাপদ আশ্রয় ও সহানুভূতিশীল মানুষ।
বক্তারা আরও বলেন, নিরাপদ সমাজ শুধু আইন দিয়ে তৈরি হয় না; দায়িত্বশীল মানুষ, সহানুভূতিশীল পরিবার ও সচেতন কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টায় তা গড়ে ওঠে।
সম্মিলিত নারী প্রয়াসের সভানেত্রী শামীমা তাসনীমের সভাপতিত্বে ও সেক্রেটারি ফেরদৌস আরা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
এ সময় আরও বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের প্রভাষক সানেমুন ফাতেমা ক্যামেলিয়া।