হোম > শিল্প-সাহিত্য

‘সুফিয়া কামাল সম্মাননা’ পেলেন চিত্রশিল্পী হাশেম খান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

‘সুফিয়া কামাল সম্মাননা’ পেয়েছেন দেশের বরেণ্য চিত্রশিল্পী মু. আবুল হাশেম খান। ছবি: সংগৃহীত

‘সুফিয়া কামাল সম্মাননা’ পেয়েছেন দেশের বরেণ্য চিত্রশিল্পী মু. আবুল হাশেম খান। আজ শনিবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে কবি সুফিয়া কামালের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা গ্রহণ করে হাশেম খান বলেন, ‘কবি সুফিয়া কামালের জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও মানুষের ভালোবাসা অর্জনের পেছনে ছিল তাঁর অসাধারণ মানবিকতা। তাঁর স্নেহের পরশ ও সাহসী প্রেরণা অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জুগিয়েছে।’ তরুণ প্রজন্মের জন্য সুফিয়া কামালের জীবন বড় শিক্ষা বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ‘নারীর প্রতি বিরাজমান ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতা নিরসনে সুফিয়া কামালের আলোয় পথচলা’ শীর্ষক স্মারকবক্তৃতা দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা। তিনি বলেন, ‘সুফিয়া কামালকে শুধু কবি বা নারী আন্দোলনের নেত্রী হিসেবে দেখলে তাঁর প্রকৃত অবদান অনুধাবন করা যায় না। তিনি ছিলেন বাংলাদেশের রূপান্তরমূলক নারীবাদের একজন গুরুত্বপূর্ণ চিন্তাবিদ ও পথপ্রদর্শক। নারীকে পূর্ণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠা এবং জ্ঞানচর্চা, সংস্কৃতি ও জনপরিসরে সমঅধিকার নিশ্চিত করাই ছিল তাঁর চিন্তার মূল ভিত্তি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘নতুন প্রজন্মের কাছে সুফিয়া কামালকে পৌঁছে দিতে হলে তাঁকে নিয়ে আরও গভীর গবেষণা ও পুনঃপাঠ প্রয়োজন।’ বর্তমান সময়ে নারীর বিরুদ্ধে ঘৃণা, বিদ্বেষ ও সহিংসতাকে তিনি একটি রাজনৈতিক ও সামাজিক সংকট হিসেবে উল্লেখ করেন। এ সংকট মোকাবিলায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাগত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘প্রায় এক শতাব্দীব্যাপী জীবনজুড়ে সুফিয়া কামাল সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, নারী অধিকার ও সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছিলেন। তাঁর জীবন ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।’

অনুষ্ঠানের শুরুতে সুফিয়া কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তাঁর জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণে জননী সাহসিকা কবি সুফিয়া কামাল’ প্রদর্শন করা হয়। এ সময় প্রামাণ্যচিত্র নির্মাণের অভিজ্ঞতা তুলে ধরেন নির্মাতা শামীম আখতার। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন রবীন্দ্রসংগীত শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান এবং ছায়ানটের শিল্পীরা। অনুষ্ঠানে নাগরিক সমাজের প্রতিনিধি, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

কবি সুফিয়া কামালের জন্মদিন উদ্‌যাপন করল কচি-কাঁচারা

পর্দা নামল ৮ দিনব্যাপী নতুন নাটকের উৎসবের

কবি আল মুজাহিদী আর নেই

জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তৈরি হবে ‘ক্রিয়েটিভ হাব’

নবীন নির্দেশকদের জন্য নাট্যকর্মশালা

জীবনানন্দ–আল মাহমুদসহ বাংলা সাহিত্যের ৪ বিশিষ্টজন স্মরণে দিনভর সেমিনার

‘কাণ্ডারী হুঁশিয়ার’ কবিতার শতবর্ষ উদ্‌যাপনে কর্মসূচি পালনের আহ্বান

আজ রাত থেকে শুরু সেবা প্রকাশনীর বই বিক্রি

আঙ্কল স্যামের দেশে রবীন্দ্রনাথ

স্রোতের সুরে বিদ্রোহের বাঁশি: নদী ও নজরুলের অন্তর্জাগতিক বাংলা