হোম > শিল্প-সাহিত্য

রহস্য, অরণ্য আর বিস্ময়ের অভিযানে—বইমেলায় ইশতিয়াক হাসানের নতুন ৩ বই

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

রহস্য, রোমাঞ্চ, পাহাড় আর অরণ্যের প্রতি আলাদা এক টান রয়েছে লেখক ইশতিয়াক হাসানের। সেই টানই বারবার ফিরে আসে তার লেখায়। কখনও গহিন জঙ্গলে, কখনও দুর্গম পাহাড়ি পথে, আবার কখনও অজানা রহস্যের দরজা খুলে দেওয়া কোনো গল্পে।

তার জনপ্রিয় “নাহিদ দ্য ইনভেস্টিগেটর” সিরিজের পাঠকরা জানেন—এই সিরিজের পাতায় শুধু রহস্যই থাকে না, থাকে অভিযানের উত্তেজনা আর দেশের দুর্গম ও অচেনা সব জায়গায় ভ্রমণের রোমাঞ্চও।

অমর একুশে বইমেলা ২০২৬-এ ইশতিয়াক হাসানের নতুন বই এসেছে তিনটি। রহস্যকাহিনি, অরণ্য-পাহাড়ের ইতিহাস আর বিস্ময়ে ভরা পৃথিবী—তিনটি ভিন্ন স্বাদের বই এবার অপেক্ষা করছে পাঠকদের জন্য।

দুটি প্রকাশ পেয়েছে কথাপ্রকাশ থেকে আর একটি ঐতিহ্য থেকে।

◉ অশুভ পাহারাদার

নাহিদ দ্য ইনভেস্টিগেটর সিরিজ : পর্ব ৫

লেখক: ইশতিয়াক হাসান

প্রচ্ছদ ও অলংকরণ: জাহিদ জামিল

মূল্য: ২৪০ টাকা

প্রকাশনী: ঐতিহ্য

ধানমন্ডির এক পুরোনো বাড়ি। তার ভেতরে লুকিয়ে থাকা এক রহস্য। অ্যান্টিক সংগ্রাহকের কথায় কি সত্যিই কোনো ফাঁক আছে?

গন্ধ শুঁকে শুঁকে রহস্যের পিছু নেয় নাহিদ ও তার দল। সেই সূত্র তাদের টেনে নিয়ে যায় সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ে। কিন্তু পাহাড়ে পা রাখার সঙ্গে সঙ্গেই শুরু হয় দুঃস্বপ্নের মতো এক অভিযান।

পিছু নেয় শত্রু, সামনে খুলে যায় অজানা আতঙ্কের দরজা। পাহাড়চূড়ার পরিত্যক্ত মন্দিরে কি লুকিয়ে আছে সব রহস্যের চাবিকাঠি?

খুদে দুই কালীমূর্তির ভেতরে চাপা পড়ে থাকা সূত্র কোন ভয়ংকর সত্যের দিকে ইশারা করছে? মন্দির পাহারা দেওয়া হিংস্র প্রাণীগুলো কি সত্যিই এই পৃথিবীর?

আর পাতালের অন্ধকারে এমন কী আছে, যার জন্য মরিয়া হয়ে উঠেছে সবাই?

বইটি পাওয়া যাবে অমর একুশে বইমেলায় ঐতিহ্য স্টল ৫৮১–৫৮৬।

◉ বাংলার পাহাড়ে-জঙ্গলে: ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম

লেখক: জর্জ পি স্যান্ডারসন

অনুবাদ: ইশতিয়াক হাসান

প্রকাশনী: কথাপ্রকাশ

পৃষ্ঠা: ২১৬

মূল্য: ৫০০ টাকা

বইটির শুরুই যেন এক সিনেমার দৃশ্য।

গোয়ালন্দ থেকে স্টিমারে ঢাকার পথে স্যান্ডারসনের যাত্রা। মাঝপথে লঞ্চে উঠে পড়া বাঘের আতঙ্ক, কিংবা বুড়িগঙ্গার জলে ভেসে আসা মৃত চিতাবাঘ—এইসব ঘটনা পাঠককে টেনে নিয়ে যাবে দেড়শ বছর আগের অজানা এক বাংলায়।

তারপর খুলে যাবে পুরোনো ঢাকার অলিগলি, বুড়িগঙ্গার ঘাট, পিলখানার হাতিশালা আর নবাব আবদুল গনির দানশীলতার বিস্ময়কর গল্প।

ইতিহাসের সেই পথ ধরে ধীরে ধীরে শুরু হবে অরণ্য আর শিকারের অভিযান। আজকের গাজীপুরের শ্রীপুর কিংবা কাশিমপুরের আশপাশের জঙ্গলে বুনো মোষ শিকারের বর্ণনা যেন পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে অন্য এক যুগে।

এরপর পোষা হাতির দল নিয়ে স্যান্ডারসনের যাত্রা পার্বত্য চট্টগ্রামের গহিন পাহাড়ে—বুনো হাতি ধরার খেদা অভিযানে।

পথে আছে বাঘের আক্রমণ, লুসাই আতঙ্ক, পাহাড়ি বিপদ আর মৃত্যুর মুখোমুখি দাঁড়ানোর অসংখ্য ঘটনা।

অরণ্য, পাহাড়, বন্যপ্রাণী আর ইতিহাসের দুর্লভ মিলনে এই বই এক অনন্য অভিযাত্রা—যা পড়া শুরু করলে শেষ না করে ওঠা কঠিন।

বইটি পাওয়া যাবে কথাপ্রকাশ স্টল ৭৭৭–৭৮১।

◉ অদ্ভুত ৫০

প্রকাশনী: কথাপ্রকাশ

প্রচ্ছদ: দেওয়ার আতিকুর রহমান

মূল্য: ৪০০ টাকা

অবিশ্বাস্য আর রোমাঞ্চে ভরা এক পৃথিবীতে স্বাগত।

ভাবুন তো—একটি শহরের সব মানুষ যদি থাকে মাত্র একটি বাড়িতে! অথবা এমন একটি শহর, যেখানে বাস করেন মাত্র একজন মানুষ!

আর সেই শহরের কথা কি জানেন, যেখানে ভালুকদের জন্য আলাদা একটি জেলখানা রয়েছে?

শুধু শহর নয়—এই বইয়ে পরিচয় হবে মাটির ১৩০০ ফুট নিচে তৈরি হোটেল, অদ্ভুত স্টেডিয়াম, কিংবা বিমানবন্দরের রানওয়ে কেটে যাওয়া ট্রেন লাইনের মতো বিস্ময়কর সব ঘটনার সঙ্গে।

পাতা উল্টাতে উল্টাতে পাঠক হয়তো বারবার ভাববেন—পৃথিবীর পরতে পরতে লুকিয়ে আছে কত অজানা গল্প, কত অদ্ভুত বিস্ময়।

বৈচিত্র্য, বিস্ময় আর রোমাঞ্চপ্রিয় পাঠকদের জন্য তাই “অদ্ভুত ৫০” এক ভিন্ন স্বাদের পাঠযাত্রা।

আগ্রহী পাঠকেরা ইশতিয়াক হাসানের নতুন তিনটি বই সংগ্রহ করতে পারেন কথাপ্রকাশ ও ঐতিহ্যের স্টল থেকে।

নারীদের কথা শোনে পুণ্যবান

উপন্যাসের চাহিদা ফুরিয়ে যায়নি

পৃথিবীর একটি গল্প

বইমেলায় মুহাম্মাদ শফিউল্লাহর ‘জুলাই গণ-অভ্যুত্থান: মরদেহ গণনার কয়েকটি দিন’

ছায়ানটে গান ও আবৃত্তিতে একুশের শ্রদ্ধা

মাতৃভাষা দিবসে বাংলা একাডেমিতে কবিতাপাঠ ও স্মারক বক্তৃতা

তৌহিদুল হকের গুচ্ছ কবিতা

বিদায় নেওয়া হুমায়ূন এখনো আছেন

‘হীরক রাজার দেশে’ মঞ্চস্থ করল স্কলাস্টিকার শিক্ষার্থীরা

গবেষণায় বেরিয়ে এল আরবি সাহিত্যের ‘হারানো শতাব্দী’র গল্প