হোম > শিল্প-সাহিত্য

কাল থেকে শিল্পকলার মঞ্চে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘পিয়ারু গাজির গল্পের দেশ’ নাটকের মহড়া। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের আয়োজনে ২৫ থেকে ৩০ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘পিয়ারু গাজির গল্পের দেশ’। নরওয়ের নাট্যকার হেনরিক ইবসেনের বিখ্যাত নাটক ‘পিয়ার গিন্ট’ অবলম্বনে নাটকটি নির্মিত হয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্র্যান্ডসেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ এবং রয়্যাল নরওয়েজীয় দূতাবাসের সহযোগিতায় ছয় দিনব্যাপী নাট্যোৎসব ও আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়েছে।

নাটকটির রচনা করেছেন বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান। পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন অধ্যাপক ড. আহমেদুল কবির। বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা নাটকটিতে অভিনয় করেছেন।

‘পিয়ারু গাজির গল্পের দেশ’-এ বাস্তবের সীমাবদ্ধতা থেকে পালিয়ে কল্পনার জগতে নিজেকে ক্ষমতাবান করে তোলা পিয়ারু গাজির গল্প উঠে এসেছে। নাটকটিতে তাঁর জীবনযাত্রার মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষমতার আধিপত্য, আত্মপ্রবঞ্চনা, স্মৃতি, আকাঙ্ক্ষা ও নৈতিক দায়বদ্ধতার প্রশ্ন অনুসন্ধান করা হয়েছে।

অধ্যাপক ড. আহমেদুল কবির জানিয়েছেন, নাটকটি কেবল ইবসেনের নাটকের রূপান্তর নয়; বাংলা সংস্কৃতি ও গল্প বলার ঐতিহ্যে নতুন নাট্যভাষা নির্মাণেরও চেষ্টা। নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানো মানুষ শেষ পর্যন্ত কীভাবে নিজের মুখোমুখি হয়, সেই প্রশ্ন নাটকটির কেন্দ্রে রয়েছে।

নাট্যকার ড. শাহমান মৈশান জানান, ইবসেনের নাট্যজগৎকে বাংলাদেশের সাংস্কৃতিক ও জীবনপ্রবাহের সঙ্গে সংলাপে যুক্ত করে নতুনভাবে নির্মাণের চেষ্টা করা হয়েছে।

উৎসবের অংশ হিসেবে ২৯ নভেম্বর সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নরওয়েজীয় নাট্যকার হেনরিক ইবসেনের প্রাসঙ্গিকতা: বাংলাদেশের সংস্কৃতিতে অভিযোজন ও আত্মীকরণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন ড. শাহমান মৈশান। আলোচক থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনারারি অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ ও অভিনেতা তারিক আনাম খান।

সেমিনারে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

নাটকটির প্রদর্শনী হবে ২৫ ও ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায়। ২৬, ২৮ ও ২৯ নভেম্বর প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২৭ নভেম্বর দুটি প্রদর্শনী হবে বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায়। সব প্রদর্শনী জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক মো. হারুন-অর-রশীদ। স্বাগত বক্তব্য দেবেন অধ্যাপক ড. আহমেদুল কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. শাহমান মৈশান।