হোম > শিল্প-সাহিত্য

৩ বছর পর নতুন উপন্যাস প্রকাশের ঘোষণা দিলেন হারুকি মুরাকামি

আজকের পত্রিকা ডেস্ক­

হারুকি মুরাকামি। ছবি: সংগৃহীত

তিন বছর পর নতুন উপন্যাস নিয়ে ফিরছেন জাপানের বিশ্বখ্যাত লেখক হারুকি মুরাকামি। তাঁর নতুন বই ‘দ্য টেল অব কাহো’ (The Tale of KAHO) আগামী ৩ জুলাই জাপানে প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠান শিঞ্চোশা। একই দিনে বইটির ই-বুক সংস্করণও বাজারে আসবে।

শুক্রবার (২৪ এপ্রিল) যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৩৫২ পৃষ্ঠার এই উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কাহো—২৬ বছর বয়সী এক ছবি-গল্প লেখক। উল্লেখযোগ্য বিষয় হলো, এটি মুরাকামির প্রথম পূর্ণদৈর্ঘ্য উপন্যাস যেখানে একজন নারী একমাত্র প্রধান চরিত্র হিসেবে উপস্থিত। এর আগে তাঁর বেশির ভাগ কাজেই পুরুষ চরিত্রকে কেন্দ্র করে গল্প এগিয়েছে।

‘দ্য টেল অব কাহো’ মূলত মুরাকামির চার পর্বের ‘কাহো’ সিরিজের পুনর্লিখিত রূপ। এই সিরিজটি ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সাহিত্য সাময়িকী শিঞ্চো-তে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। সিরিজের একটি অংশ ২০২৪ সালে ইংরেজি অনুবাদে মার্কিন সাময়িকী ‘দ্য নিউইয়র্কার’-এও প্রকাশিত হয়েছিল।

গল্পের শুরুতে কাহোর জীবনে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে দেখা যায়। এক অচেনা পুরুষ তাঁকে সরাসরি বলে বসে, ‘সত্যি বলতে, তোমার মতো কুৎসিত কাউকে আমি কখনো দেখিনি।’ এই অপমানজনক মন্তব্যে ক্ষুব্ধ না হয়ে কাহো বরং বিস্মিত হয় এবং ভাবতে থাকে—লোকটি আসলে কী বোঝাতে চায়। কাহোকে বর্ণনা করা হয়েছে এমন একজন হিসেবে, যিনি খুব সুন্দর বা মেধাবী না হলেও তাঁর কৌতূহল প্রবল।

গত ফেব্রুয়ারিতে ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুরাকামি জানান, তিনি সম্প্রতি উপন্যাসটি শেষ করেছেন এবং এর ইংরেজি অনুবাদের কাজ চলছে। গুরুতর অসুস্থতা থেকে সেরে ওঠার পর তিনি বইটির বড় অংশ লিখেছেন। এক মাস হাসপাতালে থাকার সময় তাঁর ওজন ১৮ কেজিরও বেশি কমে গিয়েছিল। এই অভিজ্ঞতাকে তিনি ‘পুনর্জন্মের মতো’ বলে বর্ণনা করেন।

মুরাকামি জানান, নতুন উপন্যাসটি নিয়ে তিনি তাঁর আগের কাজের তুলনায় বেশি আশাবাদী। নারী চরিত্রের দৃষ্টিকোণ থেকে লেখার অভিজ্ঞতা নতুন হলেও তিনি একে স্বাভাবিক মনে করেছেন। তিনি বলেন, ‘আমি যেন নিজেই কাহো হয়ে গিয়েছিলাম।’

সর্বশেষ ২০২৩ সালের এপ্রিল মাসে প্রকাশিত ‘দ্য সিটি অ্যান্ড ইটস আনসার্টেইন ওয়ালস’-এর পর এটি তাঁর প্রথম উপন্যাস। চার দশকেরও বেশি সময় ধরে সাহিত্যচর্চা করে আসা মুরাকামি বিশ্বজুড়ে জনপ্রিয়। তাঁর বহু কাজ প্রায় ৫০টি ভাষায় অনূদিত হয়েছে।

ইয়োকোহামায় শিল্পী কামরুল হাসান লিপুর একক চিত্র প্রদর্শনী

জগজিৎ সিংয়ের শ্রদ্ধায় অ্যালিয়ঁস ফ্রঁসেজে গজলসন্ধ্যা

ছায়ানটে শিশুদের কলকাকলিতে পূর্ণ শরতের উৎসব

সমকালীন সাহিত্যের নতুন ধারা সৃষ্টির জন্য নোবেল পেলেন কানাডীয় সাহিত্যিক অ্যান কারসন

মুস্তাফা মনোয়ারের শিল্পজগৎ: পাপেট বাড়ির ‘বাসিন্দাদের’ ভবিষ্যৎ নিয়ে দুর্ভাবনা

ঢাবি চারুকলায় একক চিত্র প্রদর্শনী ‘মুক্তির সংগ্রামে অনুভবের বৈভব’

স্বীকৃতি পেল ইসলামপূর্ব আরবের কবিতায় মৌমাছি, যুদ্ধ ও আত্মগরিমার গল্প

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

মায়ের কবরে শায়িত শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম

শিল্পকলায় চলচ্চিত্র নিয়ে ৪টি মাস্টারক্লাস, ৯ সেপ্টেম্বরের মধ্যে আবেদন