হোম > বিশ্লেষণ

যেভাবে নির্বাচিত হবেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

পুরো প্রক্রিয়ার মধ্যে আছে গোপন ভোট, রঙিন ব্যালট, স্ট্র পোল বা প্রাথমিক মতামত যাচাইয়ের ভোট এবং ঐকমত্য তৈরির জন্য পর্দার আড়ালে নানা কূটনৈতিক তৎপরতা। তবে সবকিছুর ওপর আছে আবার শক্তিধর দেশগুলোর ভেটো দেওয়ার ক্ষমতা। শুনতে কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের বিতর্কিত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার মতো মনে হলেও, এভাবেই নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব।

বিশ্বজুড়ে আন্তর্জাতিক আইন ও নিয়মকানুন যখন ক্রমেই চ্যালেঞ্জের মুখে, তখন সেগুলো রক্ষা করার দায়িত্বে থাকা বিশাল আন্তর্জাতিক সংস্থাটির শীর্ষ পদে কে বসবেন, তা নির্ধারণের প্রক্রিয়াও বেশ জটিল। জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে এবারও চলছে নানা কূটনৈতিক হিসাব-নিকাশ। চলুন জেনে নেই কীভাবে নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব—

মহাসচিব কে নির্বাচন করেন

কার্যত জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদই পরবর্তী মহাসচিব নির্বাচন করে। এই পরিষদে পাঁচটি স্থায়ী সদস্য রয়েছে—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকেরই ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

এ ছাড়া নিরাপত্তা পরিষদে দুই বছরের জন্য নির্বাচিত ১০টি অস্থায়ী সদস্য রয়েছে। বর্তমানে এই সদস্য দেশগুলো হলো বাহরাইন, কলম্বিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডেনমার্ক, গ্রিস, লাটভিয়া, লাইবেরিয়া, পাকিস্তান, পানামা ও সোমালিয়া।

জাতিসংঘ সনদের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী, নিরাপত্তা পরিষদ একজন প্রার্থীকে মনোনীত করে সাধারণ পরিষদের কাছে সুপারিশ করে। এরপর সাধারণ পরিষদের সব সদস্যের ভোটে তাঁকে নির্বাচিত করা হয়।

তাত্ত্বিকভাবে সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য দেশেরই মহাসচিব নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে নিরাপত্তা পরিষদের সুপারিশ করা কোনো প্রার্থীকে সাধারণ পরিষদ কখনো প্রত্যাখ্যান করেনি। ফলে কার্যত নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে থাকে।

বিশেষ করে পাঁচ স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতার কারণে তাদের সমর্থন ছাড়া মহাসচিব নির্বাচিত হওয়া প্রায় অসম্ভব। অস্থায়ী সদস্যদের সমর্থন আদায়ের পাশাপাশি স্থায়ী সদস্যদের সম্মতিও নিশ্চিত করতে হয়।

তবে ১৯৫০ সালে নিরাপত্তা পরিষদে অচলাবস্থা তৈরি হলে সাধারণ পরিষদ তৎকালীন মহাসচিবের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের সুপারিশ ছাড়াই সাধারণ পরিষদ ভোটে মেয়াদ বাড়িয়েছিল।

নিরাপত্তা পরিষদ কীভাবে প্রার্থী বাছাই করে

মহাসচিব নির্বাচন করতে নিরাপত্তা পরিষদ প্রথমে অনানুষ্ঠানিক ও গোপন ভোট আয়োজন করে। এই ভোটকে ‘স্ট্র পোল’ বা প্রাথমিক মতামত যাচাইয়ের ভোট বলা হয়।

এতে সদস্যরা কোনো প্রার্থীকে ‘সমর্থন’, ‘অসমর্থন’ অথবা ‘কোনো মতামত নেই’—এই তিন ধরনের অবস্থান জানান। ভোট গোপন রাখা হলেও অনেক সময় কোন প্রার্থী কতটি সমর্থনসূচক, অসমর্থনসূচক বা নিরপেক্ষ ভোট পেয়েছেন, তা সংবাদমাধ্যমে প্রকাশ হয়ে যায়।

পরবর্তী ধাপের ভোটে রঙিন কাগজের ব্যালট ব্যবহার করা হয়। এর মাধ্যমে নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সদস্যদের ভোট আলাদা করে বোঝা যায়। ফলে প্রার্থীদের প্রতি দুই ধরনের সদস্যের মনোভাব সম্পর্কে তুলনামূলক স্পষ্ট ধারণা পাওয়া যায়।

কোনো প্রার্থী অন্তত ৯টি সমর্থন ভোট পান এবং স্থায়ী সদস্যদের কারও ভেটোর মুখে না পড়লে তাঁকে এগিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়। এরপর নিরাপত্তা পরিষদ আনুষ্ঠানিক ভোটের মাধ্যমে ওই প্রার্থীকে সাধারণ পরিষদে সুপারিশ করে। সাধারণ পরিষদ সেই মনোনয়ন অনুমোদন করবে বলে প্রত্যাশা করা হয়।

যুক্তরাজ্যের জাতিসংঘবিষয়ক সংগঠন ইউএন অ্যাসোসিয়েশন-ইউকের প্রধান নির্বাহী জেন কিনিনমন্ট বলেন, ঐতিহ্যগতভাবে মহাসচিব নির্বাচন প্রক্রিয়া বেশ গোপনীয়। তবে নাগরিক সমাজের সংগঠন ও সদস্য রাষ্ট্রগুলোর প্রচারণার কারণে প্রক্রিয়াটি আগের তুলনায় কিছুটা উন্মুক্ত হয়েছে।

আল জাজিরাকে তিনি বলেন, ‘তবে নিরাপত্তা পরিষদ এখনো কঠোরভাবে গোপনীয়তা বজায় রাখে।’ কিনিনমন্টের মতে, গোপনীয়তা বজায় রাখার একটি যুক্তি হলো, কোনো দেশ একজন প্রার্থীকে ভোট দেওয়ার পর অন্য প্রার্থী নির্বাচিত হলে সেই প্রার্থীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি এড়াতে ভোটের তথ্য গোপন রাখা হয়।

আল জাজিরার জাতিসংঘ প্রতিনিধি গ্যাব্রিয়েল এলিজোন্দো বলেন, নির্বাচন প্রক্রিয়ার গোপনীয়তা মূলত ব্যবস্থাটির কাঠামোগত বৈশিষ্ট্যের কারণে। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা পরিষদে নির্বাচন আরও স্বচ্ছ করার আলোচনা হয়েছে। তবে পাঁচ স্থায়ী সদস্য বর্তমান ব্যবস্থাই বজায় রাখতে চান।

এবার কারা প্রার্থী

প্রাথমিক প্রতিযোগিতা থেকে কয়েকজন সরে দাঁড়ানোর পর এবার মহাসচিব পদে আটজন প্রার্থী রয়েছেন। তাঁদের মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যানকে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

রেবেকা গ্রিনস্প্যান নির্বাচিত হলে তিনি জাতিসংঘের প্রথম নারী ও প্রথম ইহুদি মহাসচিব হতে পারেন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। ওই চুক্তির ফলে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ টন খাদ্যশস্য রপ্তানি সম্ভব হয়, যার বড় অংশ উন্নয়নশীল দেশগুলোতে পৌঁছায়।

অন্যদিকে, রাফায়েল গ্রোসি ২০১৯ সাল থেকে আইএইএর নেতৃত্ব দিচ্ছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক উত্তেজনা ঠেকাতে জাতিসংঘের প্রচেষ্টায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর বিভিন্ন প্রতিবেদন সমালোচনার মুখে পড়েছে। ইরানের অভিযোগ, তাঁর কিছু প্রতিবেদন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পক্ষে যুক্তি তৈরিতে সহায়তা করেছে।

অন্য প্রার্থীরা হলেন—জাতিসংঘ সাধারণ পরিষদের সাবেক সভাপতি মারিয়া ফার্নান্দা এসপিনোসা গার্সেস (ইকুয়েডর), সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী লানা জাকি নুসেইবেহ, ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থার (ওএসসিই) প্রধান ফেরিদুন হাদি সিনিরলিওগ্লু (তুরস্ক), গায়ানার জাতিসংঘের রাষ্ট্রদূত ক্যারোলিন রড্রিগেস বার্কেট, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সে নিযুক্ত ইকুয়েডরের সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ ইভোন এ-বাকি, জাতিসংঘের সাবেক আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও উগান্ডার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওলারা ওটুনু।

২০২৬ সালের প্রাথমিক ভোটে কী ঘটেছে

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সর্বশেষ নবম দফা প্রাথমিক গোপন ভোট বা স্ট্র পোল অনুষ্ঠিত হয়েছে। ভোটের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, প্রতিযোগিতায় এখনো এগিয়ে রয়েছেন জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যান।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভোটের কথা সাংবাদিকদের জানান নভেম্বর মাসে পরিষদের সভাপতির দায়িত্ব পালনকারী লাটভিয়ার জাতিসংঘ রাষ্ট্রদূত সানিতা পাভলুতা-দেশলান্দেস। তিনি বলেন, ভোটের ফল সংশ্লিষ্ট প্রার্থীদের কাছে তাঁদের মনোনয়ন দেওয়া সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধিদের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া ভোট অনুষ্ঠিত হওয়ার বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিকেও জানানো হবে।

নিরাপত্তা পরিষদের সুপারিশ পেতে কোনো প্রার্থীকে অন্তত ৯টি সমর্থনসূচক ভোট পেতে হয়। একই সঙ্গে পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কোনো সদস্যের অসমর্থনসূচক ভোট থাকা চলবে না। এই পাঁচ দেশকে পি–৫ বলা হয়।

তবে পাঁচ স্থায়ী সদস্যের ভোটের প্রকৃত অবস্থান এখনো স্পষ্ট নয়। তাঁদের মধ্যে কেউ ভেটো দিয়েছেন কি না, তাও জানা যায়নি। মহাসচিব পদে মনোনয়ন পেতে স্থায়ী সদস্যদের কারও ‘অসমর্থনসূচক ভোট’ না থাকা গুরুত্বপূর্ণ।

কিনিনমন্ট বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটোর কারণে পরিষদ অনেক ক্ষেত্রে অচল হয়ে পড়ে। কিন্তু নিরাপত্তা পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য কিংবা বিশ্বের অধিকাংশ দেশের সমর্থন পাওয়ার পর কোনো প্রার্থীকে শুধু একটি শক্তিধর দেশের ভেটো দিয়ে আটকে দেওয়ার বিষয়টি অযৌক্তিক।

নির্বাচন প্রক্রিয়ায় সাধারণ পরিষদের ক্ষমতা বাড়ানোর আলোচনা থাকলেও বাস্তবে তা কার্যকর করা কঠিন। এলিজোন্দো বলেন, এর জন্য স্থায়ী সদস্যদের নিজেদের ক্ষমতার কিছু অংশ ছাড়তে হবে। জাতিসংঘ ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত হলেও পরবর্তী মহাসচিব কে হবেন, তা বেছে নেওয়ার ক্ষেত্রে পাঁচ স্থায়ী সদস্যের ক্ষমতাই সবচেয়ে বেশি।

৩১ ডিসেম্বরের মধ্যে মহাসচিব নির্বাচিত না হলে কী হবে

এ বিষয়ে নিশ্চিত কোনো বিধান নেই। জাতিসংঘ সনদে বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন মহাসচিব নির্বাচিত না হলে কী হবে, তা উল্লেখ করা হয়নি।

নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে কয়েকটি বিকল্প বিবেচনা করতে পারে। এর মধ্যে রয়েছে স্বল্পমেয়াদি মেয়াদের জন্য কাউকে সুপারিশ করা কিংবা সমঝোতার ভিত্তিতে এমন একজন প্রার্থী বেছে নেওয়া, যাঁকে নিয়ে সদস্যদের মধ্যে বিরোধ কম। ১৯৯৬ সালে অচলাবস্থার পর কফি আনানকে নির্বাচিত করার ক্ষেত্রেও সমঝোতার পথ নেওয়া হয়েছিল।

এ ছাড়া নতুন মহাসচিব নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতিসংঘের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা সংস্থাটির কার্যক্রম পরিচালনার দায়িত্ব নিতে পারেন।

এলিজোন্দো জানান, নতুন মহাসচিব নির্বাচিত না হলে গুতেরেস দায়িত্ব চালিয়ে যাবেন কি না, তাঁকে এ প্রশ্নও করা হয়েছে। গুতেরেসের উত্তর ছিল অনেকটাই অনিশ্চিত। তিনি বলেছেন, ১ জানুয়ারি থেকে পর্তুগালে নিজের বাড়িতে ফিরে যাওয়ার আশা করছেন এবং প্রত্যাশা করছেন, তখন তিনি আর মহাসচিব থাকবেন না।

এলিজোন্দো বলেন, ‘এরপর কী ঘটবে, তা কেউ জানে না। কারণ, এমন পরিস্থিতি আগে কখনো ঘটেনি।’

কিনিনমন্টের মতে, নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গণতান্ত্রিক করার একটি উপায় হতে পারে নিরাপত্তা পরিষদের দুই বা তিনজন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা এবং তাঁদের মধ্য থেকে সাধারণ পরিষদের ভোটে একজনকে নির্বাচিত করা। এতে বিশ্বের সদস্য দেশগুলোর মতামত দেওয়ার সুযোগ আরও বাড়তে পারে।