পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া সিরিজে অধিনায়কত্বের পাশাপাশি বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ। এবার সেটারই ফল পেলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক।
আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। পাকিস্তান সিরিজে ধারাবাহিকভাবে ভালো বোলিং করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার হালনাগাদকৃত ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন মিরাজ। নয় ধাপ এগিয়ে এখন সাতে অবস্থান করছেন এই ক্রিকেটার।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট নেন মিরাজ। বল হাতেও বেশ হিসেবি ছিলেন তিনি। ৩ ম্যাচে ৩০ ওভার বল করে খরচ করেন ১০০ রান। ৮ উইকেটের জয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। সে ম্যাচে ২৯ রানে ৩ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে দল হারলেও বল হাতে নিজের কাজটা করে দেন; ৩৪ রানে তাঁর শিকার ২ উইকেটে। সিরিজ নির্ধারণী ম্যাচে কোনো উইকেট পাননি মিরাজ। এ যাত্রায় ১০ ওভারে ৩৭ রান দেন তিনি।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। দুই ধাপ এগিয়ে বর্তমানে তালিকার দুইয়ে অবস্থান করছেন এই ক্রিকেটার। শীর্ষ আছেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৩১ ধাপ এগিয়েছেন বাংলাদেশের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। সিরিজে একটি করে সেঞ্চুরি এবং ফিফটি করেন এই বাঁ হাতি ওপেনার। ৫৫ তম স্থানে উঠে এসেছেন তিনি। এ ছাড়া তাওহীদ হৃদয় দুই ধাপ এগিয়ে ৩২ তম এবং লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২ তম স্থানে জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসি ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতির ছাপ রেখেছেন বাংলাদেশের পেসাররা। তৃতীয় ওয়ানডেতে ৪৯ রানে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদ ৪০ থেকে ২৮ তম স্থানে উঠে এসেছেন। ১৩ ধাপ উন্নতি করেছেন মোস্তাফিজুর রহমান। বর্তমান কাটার মাস্টারের অবস্থান ৪৭ তম। ৬৫ ধাপ এগিয়ে ৯৮ তম স্থানে উঠে এসেছেন নাহিদ রানা।