হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে বিদায় করে সুপার এইটে জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক    

সিকান্দার রাজার হাসিই বলে দিচ্ছে অনেক কিছু। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে জিম্বাবুয়ে খেলতেই পারল না, তারা এবার উঠে গেল সুপার এইটে। ছবি: এএফপি

পাল্লেকেলেতে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচে চোখ ছিল অস্ট্রেলিয়ারও। কারণ, অজিদের সুপার এইটে ওঠার ভাগ্য নির্ভর করছিল এই ম্যাচের ওপর। তবে বৃষ্টির বাগড়ায় মাঠে গড়ায়নি জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড ম্যাচ। তাতে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ঘণ্টা বেজে গেল অস্ট্রেলিয়ার।

পাল্লেকেলেতে ‘বি’ গ্রুপে জিম্বাবুয়ে-আয়ারল্যান্ডের ম্যাচ আজ বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল। ৩০ মিনিট আগে যে টস হয়, সেটা দেখতে যেন অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অস্ট্রেলিয়ার ভক্ত-সমর্থকেরা। তবে আবহাওয়ার পূর্বাভাস মেনে নিয়ম করেই হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। বৃষ্টির লুকোচুরি খেলা থামার পর আউটফিল্ড ঠিকঠাক না থাকায় একটা বলও মাঠে গড়ায়নি। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও আয়ারল্যান্ড অধিনায়ক লরকান টাকার করমর্দন করেছেন।

ম্যাচ পরিত্যক্ত হওয়ায় জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড পয়েন্ট ভাগাভাগি করেছে। তাতে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের পয়েন্ট হয়েছে ৫ ও ৩। চার ম্যাচে আইরিশরা জিতেছে কেবল এক ম্যাচ। দুটিতে হেরেছে ও পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আজ জিম্বাবুয়ে সুপার এইটের টিকিট কেটেছে। এর আগে গতকাল অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে সুপার এইটে ওঠে শ্রীলঙ্কা। লঙ্কানরা ৩ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট পেয়েছে। অস্ট্রেলিয়ার ৩ ম্যাচে ২ পয়েন্ট। ওমান এখনো কোনো পয়েন্ট পায়নি। আগামী শুক্রবার পাল্লেকেলেতে গ্রুপপর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া-ওমান নামবে নিয়মরক্ষার লড়াইয়ে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টা ৩৪ মিনিটে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ মাঠে গড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছিল। ওভার যে কমানো হতো, সেটা একরকম নিশ্চিতই। কিন্তু ফের বৃষ্টি হানা দেয়। বেরসিক বৃষ্টির বাগড়ায় চিন্তা বাড়ছিল অস্ট্রেলিয়ার। অন্যদিকে জিম্বাবুয়ের ভক্ত-সমর্থকেরা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগেই উদ্‌যাপন শুরু করে দিয়েছিলেন। যদি আজ আইরিশদের কাছে জিম্বাবুয়ে হারত, তবু সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবুয়ের আরও একটা সুযোগ থাকত। জিতলে তো জিম্বাবুয়ে আজই চলে যেত। শেষ পর্যন্ত বৃষ্টি আজ জিম্বাবুয়েকে তুলেছে সুপার এইটে।

জিম্বাবুয়ে এবারের বিশ্বকাপে চমক দেখিয়েছে ১৩ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত চারবারের দেখায় দুবার অজিদের বিপক্ষে জিতেছে জিম্বাবুয়ে। সেই দুই জয়ই এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। আগেভাগে সুপার এইট নিশ্চিত করা জিম্বাবুয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে নামবে। কলম্বোর প্রেমাদাসায় হবে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ।

সাকিব-মাশরাফির মামলাগুলো রাষ্ট্র দেখবে, বলছেন আমিনুল হক

আমিনুল হকের কাছে বিসিবি-বাফুফের প্রত্যাশা কী

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিসিবির অভিনন্দন

বার্গার খেয়ে অসুস্থ নিউজিল্যান্ডের ক্রিকেটার, সুপার এইটে কি খেলবেন

আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে বাদ অস্ট্রেলিয়া

ইমরান খানের যথাযথ চিকিৎসার দাবিতে পাকিস্তান সরকারকে অধিনায়কদের চিঠি

পাকিস্তানের বাজে হারে ‘বর্জন সার্কাসের’ প্রভাব দেখছেন মাইকেল ক্লার্ক

আফগানদের বিদায় করে সুপার এইটে নিউজিল্যান্ড

এবারও ইফতারের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে প্রিমিয়ার লিগে

প্রতিমন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল হক